খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা এবং এলাকায় ক্রীড়া চেতনা জাগ্রত করার লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রাধানগরে শুরু হয়েছে ‘রাধানগর ফুটবল টুর্নামেন্ট-২৬’।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাধানগর খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে স্থানীয় খেলার মাঠে উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টটির উদ্বোধন করা হয়।
‘খেলাধুলার জন্য খেলুন, মাদক সেবন থেকে দূরে থাকুন’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন করেন বে-সরকারি বিশ্ববিদ্যালয় শাখা কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ইঞ্জি. মো. আরিফুল ইসলাম নয়ন।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট মৎস্যচাষি আলহাজ্ব মো. মঞ্জুরুল ইসলাম, সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী মো. শাহিনুর ইসলাম শাহিন এবং অনুষ্ঠানের সার্বিক আয়োজক পৌর ছাত্রদল নেতা ও কাউন্সিলর পদপ্রার্থী মো. রাকিব সরদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়াপ্রেমী ও বিপুলসংখ্যক দর্শক।
উদ্বোধনী খেলায় মুখোমুখি হন রামতনু একাদশ ও ফেনতাড়া একাদশ। খেলা ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। মাঠে উপস্থিত দর্শকেরা করতালি ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দুই দলের খেলোয়াড়দের উৎসাহিত করেন।
আয়োজকরা জানান, তরুনদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদক, জুয়া ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ লক্ষ্যেই রাধানগর খেলোয়াড় কল্যাণ সমিতি দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
টুর্নামেন্টের মাধ্যমে স্থানীয় তরুণদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, শৃঙ্খলা ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা। একই সঙ্গে ক্রীড়াপ্রেমী ও এলাকাবাসীকে টুর্নামেন্টের বিভিন্ন ম্যাচে উপস্থিত থেকে তরুণ খেলোয়াড়দের উৎসাহিত করার আহ্বান জানান তারা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন