দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে কাচের টুকরা ছিটানোর অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরম্নদ্ধে। এ ঘটনায় রোববার ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি স্মারকলিপিও দেওয়া হয়েছে। এ কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকার সচেতন যুবসমাজ অংশ নেয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিদ্যালয়ের খেলার মাঠে কাচের টুকরা ছিটিয়ে দেওয়ায় খেলতে গিয়ে কয়েকজন খেলোয়াড় আহত হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং নিয়মিত খেলাধুলা ব্যাহত হচ্ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে খেলার মাঠের একটি অংশে কিছু অবৈধ দখলদার দোকানপাট স্থাপন করে ব্যবসা পরিচালনা করছেন। তাঁদের একাধিকবার দোকানপাট সরিয়ে নেওয়ার জন্য বলা হলেও মানছেন না। তিনি অভিযোগ করেন, শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ করে দেওয়ার উদ্দেশ্যেই মাঠে কাচের টুকরা ছিটিয়ে দেওয়া হয়েছে।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা ফুলবাড়ীর ইউএনও বরাবর একটি স্মারকলিপি দেন। পাশাপাশি এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার দাবিতে ফুলবাড়ী থানায় একটি লিখিত অভিযোগও করা হয়েছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে একজন কর্মকর্তাকে পাঠানো হয়েছে। তদন্ত্মের ভিত্তিতে দোষীদের বিরম্নদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।