জয়পুরহাটের পাঁচবিবিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর স্মৃতিকে স্মরণীয় করে রাখতে দুই দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) সকালে উপজেলার জাম্বুবান কমফোর্ট স্পোর্টিং ক্লাবের আয়োজনে জাম্বুবান মাঠে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জিয়াউর ফেরদৌস রাইট এবং কুসুম্বা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোমেনা বেগম।
এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় স্বাগতিক জামুবান ফুটবল একাদশ ও জয়পুরহাট ফুটবল একাদশ। খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
আয়োজকরা জানান, ফুটবল শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শৃঙ্খলা, ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার অন্যতম মাধ্যম। তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলায় উৎসাহিত করা এবং গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ফুটবলের ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
দুই দিনব্যাপী এ টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করতে ১ ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে। আয়োজকরা টুর্নামেন্টের বাকি খেলাগুলো উপভোগ করতে সর্বস্তরের মানুষ ও ক্রীড়াপ্রেমীদের মাঠে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন