ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ অ্যান্ড ফেস্টিভ্যালে ই টায়ারের ফাইনালে হেরে গেছে বাংলাদেশ। শুক্রবার (৩০ অক্টোবর) আজারবাইজানের বাকুতে ফাইনালে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের কাছে ৪-১ গোলে হেরেছে বাংলাদেশের কিশোররা।
অ-১৫ বিশ্বকাপ ফেস্টিভ্যালের খেলাগুলো হচ্ছে আটজনের দল নিয়ে। ২০ মিনিট করে দুই অর্ধের এই ম্যাচে ১৪ মিনিটে মহির গোলে এগিয়ে যায় সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। দুই মিনিট পর প্যানেলের গোলে ব্যবধান দ্বিগুণ করে তারা। ২-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে তাকিবের গোলে ব্যবধান কমিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করে বাংলাদেশ। তবে দুই মিনিট পরই মহির গোলে আবারও ব্যবধান বাড়ায় আফ্রিকার দলটি। ম্যাচ শেষ হওয়ার এক মিনিট আগে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন মহি। এতে ৪-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।
আজারবাইজানে আয়োজিত এই টুর্নামেন্টে ১৮৯টি দেশের ৩২টি গ্রুপের দল অংশ নিচ্ছে। বাংলাদেশ খেলেছিল ‘সি’ গ্রুপে। সেখানে পঞ্চম হয়েছিল তারা। প্রতিটি গ্রুপের অবস্থান অনুযায়ী ৩২টি স্তরে ভাগ করে চলছে নকআউট পর্বের খেলা।
ই টায়ারে টানা চার ম্যাচ জিতে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত শিরোপা জেতা হলো না। ফিফা এই প্রতিযোগিতায় ছয়টি টায়ারে চ্যাম্পিয়ন নির্ধারণ করবে। অন্য টায়ারগুলোর ফাইনালে এফ টায়ারে নিউজিল্যান্ড-ইথিওপিয়া, ডি টায়ারে কানাডা-তাজিকিস্তান, সি টায়ারে তিউনিসিয়া-বেলারুশ, বি টায়ারে পর্তুগাল-জাম্বিয়া এবং এ টায়ারে স্পেন-চেক প্রজাতন্ত্র মুখোমুখি হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন