দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের গড়ফতু ফুটবল মাঠে জমকালো আয়োজনে ‘আত্রাই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। গড়ফতু উদয়ন ক্লাবের আয়োজনে রবিবার (১৬ আগস্ট) বিকেলে এ টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে শত শত ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ দেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন আসন্ন বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক ফুটবলার মো. আক্কাস আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৩ নম্বর শতগ্রাম ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মো. শাহাদাত হোসেন, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কে এম কুতুবউদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী বিপুল অধিকারী ও মনিরুজ্জামান টুটুল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. নুর ইসলাম। উদ্বোধনী ম্যাচের ডোনার হিসেবে সহযোগিতা করেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আউয়াল এবং সততা মাংস ভান্ডারের পরিচালক আলিমউদ্দীন সরকার।
টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় পঞ্চগড়ের বোদা উপজেলার টু স্টার ফুটবল একাডেমি ও নীলফামারীর এলিট স্পোর্টস ফুটবল একাডেমি। খেলা দেখতে বিকেল থেকেই মাঠে ভিড় করেন বিভিন্ন বয়সী দর্শক। দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে পুরো ম্যাচজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা, মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। নিয়মিত এমন ক্রীড়া আয়োজনের মাধ্যমে বীরগঞ্জে ফুটবলের পরিবেশ আরও সমৃদ্ধ হবে বলে প্রত্যাশা করেন তারা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন