দিনাজপুরের বীরগঞ্জে আদিবাসী সম্প্রদায়ের খেলাধুলা ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরতে আদিবাসী ফুটবল টুর্নামেন্ট ও ঐতিহ্যবাহী তীর-ধনুক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
রনগাঁও ভাদুরিয়া আদিবাসী কমিটির আয়োজনে বীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সুজালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুর রশিদ মাস্টার-এর সঞ্চালনা রনগাঁও ভাদুরিয়া আদিবাসী আয়োজক কমিটির সভাপতি তরুণ কিস্কু'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম এমপি।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম বলেন, “আদিবাসী সম্প্রদায় এ দেশের অবিচ্ছেদ্য অংশ। তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও খেলাধুলা আমাদের জাতীয় সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। এসব ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
তিনি আরও বলেন, “ধর্ম-বর্ণ ও জাতিগোষ্ঠীর ভেদাভেদ ভুলে সবাইকে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ থাকতে হবে। এলাকার সব সম্প্রদায়ের মানুষের অধিকার, মর্যাদা ও উন্নয়ন নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা রেজওয়ানুল ইসলাম রিজু। এ ছাড়া উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, দিনাজপুর আদিবাসী চেয়ারম্যান লুকাস সরেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান চৌধুরী আকাশ, উপজেলা কৃষকদলের সভাপতি ফজলে আলম শাহীন, সাধারণ সম্পাদক আলিমুদ্দিন এবং উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
ফুটবল টুর্নামেন্ট ও ঐতিহ্যবাহী তীর-ধনুক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা নিজেদের ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করেন। এ আয়োজন স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে এবং তাদের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ হয়ে ওঠে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন