দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৩ নম্বর শতগ্রাম ইউনিয়নের গড়ফতু ফুটবল মাঠে গড়ফতু উদয় ক্লাবের আয়োজনে জমজমাট ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে গড়ফতু ফুটবল মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন ঘোষণা করেন আসন্ন বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক ফুটবলার মো. আক্কাস আলী। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন।
গড়ফতু উদয় ক্লাবের সভাপতি মো. হামিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা শাখার আমীর ক্বারী আজিজুর রহমান, ৩ নম্বর শতগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী শাহাদাত হোসেন, সাবেক চেয়ারম্যান কে. এম. কুতুব উদ্দিন এবং সহকারী শিক্ষক মতিউল ইসলাম।
ফাইনাল খেলায় মুখোমুখি হয় নীলফামারীর এলিট স্পোর্টস ক্লাব ও রংপুরের স্যান্টোস ফুটবল একাডেমী। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে এলিট স্পোর্টস ক্লাব নীলফামারী বিজয়ী হয়ে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে। আর স্যান্টোস ফুটবল একাডেমী রংপুর রানার্সআপ হয়।
খেলা দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষসহ বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী ও দর্শক মাঠে উপস্থিত হন। দর্শকদের উপস্থিতিতে পুরো মাঠ প্রাণবন্ত হয়ে ওঠে। ফাইনাল ম্যাচজুড়ে ছিল উত্তেজনা ও আনন্দ-উচ্ছ্বাস। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জমজমাট এই ফুটবল খেলা উপভোগ করেন।
আয়োজকদের মধ্য থেকে মো হামিদুর জানান, তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং গ্রামবাংলার ফুটবল ঐতিহ্যকে ধরে রাখার লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন