দিনাজপুরের বীরগঞ্জে শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলার ঐতিহ্যবাহী ভগীরপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বীরগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি ফেরদৌস হোসেন মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।
উদ্বোধনী ম্যাচে পঞ্চগড়ের বোদা উপজেলার টুস্টার ফুটবল একাডেমি ও সিরাজগঞ্জ ফুটবল একাডেমি মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচ উপভোগ করতে মাঠে উপস্থিত হন বিপুলসংখ্যক স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শক। টুর্নামেন্টকে ঘিরে ভগীরপাড়া এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধ থেকে দূরে রাখার অন্যতম মাধ্যম। একটি সুস্থ, সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন আরও বেশি করা প্রয়োজন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আমিরুল বাহার, সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপন, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুবাস দাস, মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর ইসলাম শাহিন, মোহনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল খালেক, উপজেলা যুবদলের সদস্য আক্কাস আলী এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান চৌধুরী আকাশ।
টুর্নামেন্টের উদ্বোধন ঘিরে খেলোয়াড় ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের খেলাধুলায় আরও বেশি উৎসাহিত করবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন