পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, বিশ্বাস ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয়ে এবং ক্রীড়ার মাধ্যমে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ পুলিশের আইজিপি মোঃ আলী হোসেন ফকির, বিপিএম মহোদয়ের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর রংপুর রেঞ্জ ফাইনাল প্রতিযোগিতার উদ্বোধন হয়।
জেলা পুলিশ লাইন্স, রংপুরে আয়োজিত এ বর্ণাঢ্য উদ্বোধন করেন জনাব মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম, ডিআইজি, রংপুর রেঞ্জ, রংপুর মহোদয়।
সভাপতির বক্তব্যে ডিআইজি মহোদয় বলেন, মাননীয় আইজিপি মহোদয়ের নেতৃত্বে পুলিশি কার্যক্রমে জনগণের সম্পৃক্ততা বাড়ানোর যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, তারই একটি কার্যকর মাধ্যম হলো কমিউনিটি পুলিশিং। জনগণকে পুলিশের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করা গেলে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে পুলিশের কার্যক্রম আরও সফল হবে। আর খেলাধুলার মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে সুসম্পর্ক, পারস্পরিক আস্থা ও সম্পৃক্ততা গড়ে তোলা সম্ভব। তিনি এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়, আয়োজক ও উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পাশাপাশি রংপুর রেঞ্জ থেকে বাছাইকৃত নারী ও পুরুষ দল জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্য অর্জনের মাধ্যমে রংপুরের গৌরব বৃদ্ধি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
রংপুর রেঞ্জের আওতাধীন আটটি জেলা—রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী ও লালমনিরহাটের বালক ও বালিকা বিভাগে মোট ১৬টি দল এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
প্রতিযোগিতার প্রথম রাউন্ডে জয়লাভ করে বালক বিভাগে রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর ও লালমনিরহাট জেলা এবং বালিকা বিভাগে রংপুর, পঞ্চগড়, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলা সেমিফাইনালে উত্তীর্ণ হয়। সেমিফাইনালে জয়লাভ করে বালক বিভাগে রংপুর জেলা ও দিনাজপুর জেলা এবং বালিকা বিভাগে রংপুর জেলা ও লালমনিরহাট জেলা ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।
*আগামীকাল ০৪ নভেম্বর ২০২৬ খ্রিঃ বিকেল ০৩টায় জেলা পুলিশ লাইন্স, রংপুরে বালক ও বালিকা বিভাগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।*
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ, পিপিএম-সেবা। এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ আব্দুর রাজ্জাক, কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি), আরআরএফ, রংপুর, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত, রেঞ্জ ডিআইজি'র কার্যালয়, রংপুর, বি. এম. আশরাফ উল্যাহ্ তাহের, পুলিশ সুপার (ট্রাফিক এন্ড অপারেশনস), রেঞ্জ ডিআইজি'র কার্যালয়, রংপুর, মোহাঃ হাফিজুর রহমান, ডেপুটি কমান্ড্যান্ট (এসপি), আরআরএফ, রংপুর, মোহাম্মদ মোজাম্মেল হক, পুলিশ সুপার, রংপুর জেলা, মোঃ জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রংপুর জেলা এবং মোঃ শরিফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার, রংপুর জেলাসহ রংপুর রেঞ্জ ও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
কাবাডি আমাদের ঐতিহ্য, শিকড় ও গ্রামীণ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। ঐতিহ্যবাহী এ খেলাকে নতুন প্রজন্মের মাঝে জনপ্রিয় করে তোলা, তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং পুলিশ ও সাধারণ জনগণের মধ্যে নিবিড় সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে এ চ্যাম্পিয়নশিপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নারী ও পুরুষ উভয় বিভাগের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতা ক্রীড়াক্ষেত্রে সমান সুযোগ, অন্তর্ভুক্তি ও অংশগ্রহণের ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করছে। পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা, সহনশীলতা ও সৌহার্দ্যপূর্ণ মনোভাব বিকাশের সুযোগ সৃষ্টি হচ্ছে।
রংপুর রেঞ্জ পুলিশের প্রত্যাশা—ক্রীড়ার শক্তিতে গড়ে উঠবে সম্প্রীতির বন্ধন, শক্তিশালী হবে কমিউনিটি পুলিশিং কার্যক্রম এবং আরও সুদৃঢ় হবে পুলিশ ও জনগণের পারস্পরিক আস্থা ও সহযোগিতা।
এ আয়োজনের সফল বাস্তবায়নে সার্বিক সহযোগিতায় রয়েছে রংপুর রেঞ্জ হেডকোয়ার্টার্স ও রংপুর জেলা পুলিশ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন