তৃণমূল পর্যায় থেকে উদীয়মান নারী খেলোয়াড় খুঁজে বের করা এবং দেশের নারী হকিকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে দিনাজপুরে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হলো 'ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম-২০২৬'-এর দ্বিতীয় ধাপের দিনাজপুর জেলা পর্ব।
বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে এবং দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় বুধবার (১৪ অক্টোবর ২০২৬) দুপুর ৩টায় দিনাজপুর জেলা স্টেডিয়ামে বর্ণাঢ্য এই কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে মোট ৩০ জন , নারী হকি খেলোয়াড় অংশ নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুরের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জনাব মোঃ রফিকুল ইসলাম।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন: "আমাদের নারীরা ক্রীড়াঙ্গনে আজ দেশ ও জাতির জন্য সুনাম বয়ে আনছে। তৃণমূল পর্যায়ে প্রতিভা অন্বেষণের এই উদ্যোগ দিনাজপুরের সম্ভাবনাময় নারী খেলোয়াড়দের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নাড়ী খেলোয়াড় তৈরিতে ব্র্যাক ব্যাংক ও বাংলাদেশ হকি ফেডারেশনের এই যৌথ প্রয়াস অত্যন্ত প্রশংসনীয়। দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা সবসময় তরুণ ক্রীড়াবিদদের বিকাশে সব ধরনের সহযোগিতা দিয়ে যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সদস্য মোসাদ্দক হোসেন চৌধুরী পাপ্পু, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোঃ মতিউর রহমান, ব্র্যাক ব্যাংক ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক দিনাজপুরের ব্রাঞ্চ ম্যানেজার মোঃ মশিউর রহমান এবং ইউনিভার্সাল অফিসার (ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক) মোঃ সাদ্দাম হোসেন।
আয়োজকরা জানান, দেশের নারী হকির ভিত্তিমূল মজবুত করা এবং প্রান্তিক এলাকা থেকে নতুন ও সম্ভাবনাময় খেলোয়াড় তৈরি করার লক্ষ্যেই এই ডেভেলপমেন্ট প্রোগ্রামের পরিকল্পনা করা হয়েছে। প্রশিক্ষণ পর্ব শেষে নির্বাচিত খেলোয়াড়দের উচ্চতর প্রশিক্ষণ প্রদান করা হবে, যা ভবিষ্যতে জাতীয় দলকে আরও সমৃদ্ধ করবে।
অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়ামোদী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ এবং উদীয়মান নারী হকি খেলোয়াড়েরা উৎসাহ-উদ্দীপনার সাথে অংশগ্রহণ করেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন