হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শহীদ নূর হোসেন হল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল ৫ টায় শহীদ নূর হোসেন হল খেলার মাঠ-এ উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. নওশের ওয়ান, ট্রেজারার প্রফেসর ড. মো. মাসুদুল হাসান খান এবং রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা বলেন, আজকের এই ফাইনাল খেলা কেবল একটি ট্রফি জয়ের লড়াই নয়; এটি শিক্ষার্থীদের মেধা, পরিশ্রম, শৃঙ্খলা, দলীয় ঐক্য ও ক্রীড়াসুলভ মানসিকতার এক অনন্য প্রকাশ। ফুটবল আমাদের শেখায়, ব্যক্তিগত দক্ষতা দিয়ে খেলার সূচনা করা যায়, কিন্তু সম্মিলিত প্রচেষ্টা ছাড়া বিজয় অর্জন করা যায় না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শুধু শ্রেণিকক্ষ, ল্যাবরেটরি কিংবা পরীক্ষার ফলাফলে সীমাবদ্ধ নয়। খেলার মাঠও একটি গুরুত্বপূর্ণ শিক্ষাঙ্গন, যেখানে শিক্ষার্থীরা নেতৃত্ব দিতে শেখে, পরাজয়কে মেনে নিয়ে ঘুরে দাঁড়ানোর সাহস অর্জন করে এবং প্রতিপক্ষকে সম্মান করতে শেখে। আজকের ফাইনালে একটি দল চ্যাম্পিয়ন হবে, অন্য দল রানার্সআপ হবে। কিন্তু মনে রাখতে হবে, ট্রফি একটি দলের হাতে উঠবে, আর অভিজ্ঞতা, আত্মবিশ্বাস ও বন্ধুত্বের অর্জন হবে সবার। জয় উদ্যাপন করতে হবে বিনয়ের সঙ্গে, আর পরাজয় গ্রহণ করতে হবে নতুন করে এগিয়ে যাওয়ার প্রেরণা হিসেবে।
তিনি আরও বলেন, শহীদ নূর হোসেন হলের এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সুস্থ প্রতিযোগিতার পরিবেশকে আরও শক্তিশালী করবে। আমাদের শিক্ষার্থীরা পড়াশোনায় যেমন দক্ষতার স্বাক্ষর রাখবে, তেমনি খেলাধুলা ও সহশিক্ষামূলক কার্যক্রমেও নিজেদের যোগ্যতার প্রমাণ দেবে এটাই আমাদের প্রত্যাশা। এ বিশ্ববিদ্যালয়কে আমরা এমন একটি প্রাণবন্ত ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে চাই, যেখানে জ্ঞানচর্চার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের বিকাশ সমান গুরুত্ব পাবে। খেলাটি সুন্দর, সুশৃঙ্খল ও আনন্দময় হোকÑএই কামনা করছি। পরিশেষে, ফাইনালে অংশগ্রহণকারী উভয় দলের খেলোয়াড়দের জানাই আন্তরিক শুভেচ্ছা। আয়োজক, সংশ্লিষ্ট শিক্ষক, হল প্রশাসন এবং এ আয়োজনের সঙ্গে সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ জানাই।
শহীদ নূর হোসেন হলের হল সুপার প্রফেসর ড. মো. হাফিজুর রহমান হাফিজ এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলের হল সুপার প্রফেসর ড. মো. আদনান আল বাচ্চু, বিজয় ২৪ হলের হল সুপার প্রফেসর ড. মো. নিজাম উদ্দীন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসান এবং কেন্দ্রীয় গবেষণাগার এর পরিচালক প্রফেসর ড. মো. মহিদুল হাসানসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন হাবিপ্রবি ছাত্রদলের সভাপতি মো. এহসানুল কবির অর্নব ও সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ অন্যান্য সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য, উক্ত ফাইনাল খেলায় ডমিনেটরস টিম রুথলেস একাদশকে ১-০ গোলে পরাজিত করে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন