গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী খেলা হাডুডুকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার শাল্টিমুরাদপুর গ্রামে হাডুডু খেলার আয়োজন করেছে স্থানীয় যুবসমাজ। ঐতিহ্যবাহী এ খেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যে সৃষ্টি হয়েছে উৎসাহ-উদ্দীপনা। খেলোয়াড়দের ক্রীড়ানৈপুণ্য দেখতে মাঠে ভিড় করেন নানা বয়সী মানুষ।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার শাল্টিমুরাদপুর গ্রামে এ খেলা অনুষ্ঠিত হয়েছে।
একসময় গ্রামবাংলার মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম ছিল হাডুডু। গ্রামের মাঠে এ খেলা ঘিরে বসত মানুষের মিলনমেলা। খেলোয়াড়দের দম ধরে রাখার কৌশল, প্রতিপক্ষকে ছুঁয়ে ফিরে আসার চেষ্টা আর দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই মাতিয়ে রাখত দর্শকদের। তবে সময়ের পরিবর্তন ও আধুনিক বিনোদনের বিস্তারে ঐতিহ্যবাহী এ খেলার চর্চা অনেক এলাকায় কমে এসেছে।
এমন পরিস্থিতিতে শাল্টিমুরাদপুর গ্রামের যুবসমাজের উদ্যোগে হাডুডু খেলার আয়োজন স্থানীয়দের মধ্যে নতুন করে আগ্রহ সৃষ্টি করেছে। আয়োজকদের এ উদ্যোগের মধ্য দিয়ে গ্রামীণ ঐতিহ্য ধরে রাখা এবং তরুণ প্রজন্মকে দেশীয় খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার চেষ্টা করা হচ্ছে।
আয়োজক কমিটির সদস্য মেজবাউল হল বলেন, হাডুডু শুধু একটি খেলা নয়, এটি গ্রামবাংলার সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতিরও অংশ। এ ধরনের আয়োজন গ্রামের মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর পাশাপাশি তরুণদের মাঠমুখী করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
শাল্টিমুরাদপুর গ্রামের যুবসমাজের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের প্রত্যাশা, নিয়মিত এমন আয়োজনের মধ্য দিয়ে হাডুডুসহ গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী খেলাধুলা আবারও জনপ্রিয় হয়ে উঠবে এবং নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়বে দেশীয় সংস্কৃতির চর্চা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন