দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের নিজস্ব ভবন চার বছর ধরে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে আছে। ফলে নিজস্ব ভবনে স্বাস্থ্যসেবা কার্যক্রম বন্ধ থাকলেও পুরোপুরি বন্ধ হয়নি কেন্দ্রটির কার্যক্রম। প্রথমে প্রায় এক বছর ভাড়া বাসায় এবং বর্তমানে ইউনিয়ন পরিষদের দুটি কক্ষে সীমিত পরিসরে চলছে স্বাস্থ্যসেবা।
১৯৭৭-৭৮ সালে প্রতিষ্ঠিত সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি দীর্ঘদিন ধরে সিংড়া ইউনিয়নসহ আশপাশের এলাকার মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে কাজ করে আসছে। কিন্তু ভবনটি ঝুঁকিপূর্ণ ও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় চার বছর ধরে অস্থায়ী স্থানে কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। নতুন ভবন নির্মাণের বিষয়ে পরিকল্পনার কথা থাকলেও এখন পর্যন্ত নির্মাণকাজের দৃশ্যমান অগ্রগতি না থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২২-২৩ অর্থবছরে স্বাস্থ্যকেন্দ্রটির মূল ভবন ও কোয়ার্টার ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। ভবনটি পরিত্যক্ত ঘোষণার বিষয়ে তৎকালীন উপপরিচালকের উদ্যোগে একটি কমিটি গঠন করা হলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক পরিত্যক্ত ঘোষণার লিখিত পত্র পাওয়া যায়নি।
ভবনটি ব্যবহারের অনুপযোগী হওয়ার পর সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেনের সহযোগিতায় প্রথমে ভাড়া বাসায় স্বাস্থ্যকেন্দ্রের কার্যক্রম পরিচালনা করা হয়। পরে ইউনিয়ন পরিষদের দুটি কক্ষে স্থানান্তর করা হয়। তবে অস্থায়ী এ ব্যবস্থায় পর্যাপ্ত জায়গা না থাকায় চিকিৎসাসেবা দিতে গিয়ে নানা সমস্যায় পড়তে হচ্ছে স্বাস্থ্যকর্মীদের।
স্বাস্থ্যকেন্দ্রে সেবা নিতে আসা মরিচা গ্রামের মোকসেদ আলী বলেন, কয়েকদিন আগে স্ত্রীকে নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এসে নিজস্ব ভবন বন্ধ দেখতে পান। পরে জানতে পারেন, ইউনিয়ন পরিষদের দুটি কক্ষে স্বাস্থ্যকেন্দ্রের কার্যক্রম চলছে। তাঁর মতো অনেক রোগীই স্বাস্থ্যকেন্দ্রটির বর্তমান অস্থায়ী অবস্থান সম্পর্কে জানেন না।
স্থানীয় বাসিন্দারা জানান, ইউনিয়ন পর্যায়ে নারী, শিশু, বয়স্ক ও নিম্নআয়ের মানুষের জন্য সরকারি স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ কেন্দ্র এটি। তাই দ্রুত নতুন ভবন নির্মাণের পাশাপাশি অস্থায়ী কেন্দ্রে পর্যাপ্ত জনবল, ওষুধ ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করা প্রয়োজন।
সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোছা. হাসনে আরা বানু বলেন, দীর্ঘদিন ধরে স্বাস্থ্যকেন্দ্রটির নিজস্ব ভবন না থাকায় ইউনিয়ন পরিষদের দুটি কক্ষে অস্থায়ীভাবে কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। সেখানে স্টোর রুমের পাশাপাশি স্বাস্থ্যকেন্দ্রের কর্মীদেরও একই কক্ষে বসে কাজ করতে হয়। ফলে চিকিৎসাসেবা দিতে গিয়ে রোগীদের ব্যক্তিগত ও চিকিৎসাসংক্রান্ত গোপনীয়তা রক্ষা করা সম্ভব হচ্ছে না।
তিনি আরও বলেন, নিজস্ব ভবনের অভাবে নিয়মিত মাসিক ক্যাম্প পরিচালনা, রোগীদের বসার পর্যাপ্ত ব্যবস্থা এবং স্বাস্থ্যকেন্দ্রের মাসিক সভা আয়োজনেও নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। সীমিত জায়গায় রোগী ও স্বাস্থ্যকর্মীদের কার্যক্রম পরিচালনা করতে গিয়ে স্বাভাবিক পরিবেশ বজায় রাখা কঠিন হয়ে পড়েছে। এতে রোগীদের কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা দিতে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হচ্ছে।
এ বিষয়ে ঘোড়াঘাট উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহমদ ঈশা জানান, সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি পাঁচ বছর মেয়াদি অপারেশন প্ল্যানে পুনর্নির্মাণের জন্য অন্তর্ভুক্ত রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে মৌখিকভাবে এ তথ্য জানা গেছে। তবে এখন পর্যন্ত নির্মাণকাজের দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।
এদিকে দীর্ঘদিন ধরে অস্থায়ী কক্ষে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হওয়ায় দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন