"ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশে ন্যায় দিনাজপুরেও
বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ১০টায় দিনাজপুর ডায়াবেটিক এসোসিয়েশনের উদ্যোগে ডায়াবেটিস হাসপাতালের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে হাসপাতাল এলাকা প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতালের সামনে এসে শেষ হয়।
র্যালি শেষে ডায়াবেটিস হাসপাতাল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিনাজপুর ডায়াবেটিক এসোসিয়েশনের সভাপতি মো. মকশেদ আলী মঙ্গলীয়া'র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সেখ সাদেক আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ জাহাঙ্গীর কবির।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডায়াবেটিস হাসপাতালের পরিচালক ডা. মো. সাইদুর রহমান চৌধুরী, হাসপাতালের চিফ মেডিকেল অফিসার ডা. মাে. লিয়াকত আলী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর ডায়াবেটিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি'র সভাপতি আলহাজ্ব মো. আবু বকর ছিদ্দীক ও অনুষ্ঠান সঞ্চালনা করেন ডায়াবেটিস হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মো. গোলাম মোস্তফা পলাশ।
অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সেখ সাদেক আলী বলেন, রোগীর আর্থিক অবস্থা বিবেচনা করে চিকিৎসা দিতে হবে। নৈতিকতা বজায় রেখে নিষ্ঠার সাথে চিকিৎসাসেবা দিতে চিকিৎসকদের প্রতি আহবান জানান তিনি। বিনা চিকিৎসায় যেন কোন ডায়াবেটিস রোগী মারা না যায় সেদিকে সকলকে লক্ষ্য রাখতে হবে। ডায়াবেটিস মানে শৃঙ্খলিত জীবন-যাপন করা এই কথাটা স্মরণ রাখতে হবে।
আলোচনা সভায় বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, বিশ্বে বর্তমানে ৮০ কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। জটিলতা থেকে বাঁচতে ডায়াবেটিস নিয়ন্ত্রনে রাখতে হবে। এ জন্য খাদ্যাভাসের পরিবর্তন, খাওয়া নিয়ন্ত্রন ও ওজন নিয়ন্ত্রন রাখতে হবে।
বক্তারা বলেন, ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার পূর্বে ব্যবস্থা নিতে হবে। বাইরের খাবার পরিহার করে বাসায় তৈরি খাবার খাওয়ার অভ্যাস করতে হবে। স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে। আর ফাস্ট ফুড জাতীয় খাবার ও রাস্তার পাশে খোলায় জায়গায় খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। শারীরিক পরিশ্রম করতে হবে। তাহলে আমরা ডায়াবেটিস থেকে বেঁচে থাকতে পারবো।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন