স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, মানসিক রোগের ক্রমবর্ধমান প্রকোপ মোকাবিলায় চিকিৎসাসেবার পাশাপাশি গবেষণা, জনসচেতনতা বৃদ্ধি এবং দক্ষ জনবল তৈরিতে গুরুত্ব দিতে হবে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত উপস্থিত ছিলেন।
পাবনা মানসিক হাসপাতালকে আর বিনোদনের স্থান হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মানসিক রোগীদের চিকিৎসা, পরিচর্যা ও পুনর্বাসনের উপযোগী পরিবেশ নিশ্চিত করা জরুরি। এ জন্য হাসপাতালটিকে যথাযথ চিকিৎসাসেবার উপযুক্ত স্থানে পরিণত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
চিকিৎসকদের পেশাগত দক্ষতা উন্নয়নের বিষয়ে মন্ত্রী বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী ৫০০ জন চিকিৎসক যোগদান করেছেন। তাঁদের প্রশিক্ষণের জন্য চীন, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে আলোচনা চলছে। এ ছাড়া দেশে উন্নত রোবোটিক সার্জারির ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, মানসিক স্বাস্থ্য সংকট মোকাবিলায় গবেষণা কোনো ব্যয় নয়, বরং এটি একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ। এ খাতে জাতীয় পর্যায়ে বৃহৎ পরিসরে গবেষণা পরিচালনার জন্য পর্যাপ্ত বরাদ্দ নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, মানসিক স্বাস্থ্যসেবা শুধু ঢাকাকেন্দ্রিক না রেখে জেলা পর্যায়ে সম্প্রসারণ করা হবে। আধুনিক প্রযুক্তি ও ইন্টারনেটের মাধ্যমে জেলা হাসপাতালগুলোতে নিরাপদ কাউন্সেলিং সেবা চালুর উদ্যোগ নেওয়া হবে, যাতে মানুষ ঘরে বসেই বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিতে পারে।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরও বলেন, মানসিক স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে চিকিৎসকদের পাশাপাশি সংশ্লিষ্ট অন্যান্য পেশাজীবীর দক্ষতা উন্নয়নেও গুরুত্ব দিতে হবে। এ লক্ষ্যে স্বল্পমেয়াদি সার্টিফিকেট কোর্স চালুর বিষয়েও উদ্যোগ নেওয়া প্রয়োজন।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. সাইফুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডা. এ কে এম আজিজুল হক এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ কার্যালয়ের হেলথ ইমারজেন্সি বিভাগের প্রধান অ্যান্টনি এশফেনি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন