হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে দুজন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতেও মারা গেছে দুজন।
অন্যদিকে ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৪১২ জন এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৫২ জন।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরে হাম ও ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
হামের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনের মধ্যে ময়মনসিংহের একজন এবং খুলনার একজন শিশু রয়েছে।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত হাম ও উপসর্গে মোট মারা গেছে ১ হাজার ৩৬৩ জন। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৫৮ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে নিশ্চিত হাম রোগী ৭৪ জন এবং সন্দেহজনক হাম রোগী ১ হাজার ৩৩৮ জন।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৬ হাজার ৩৭৪ জন এবং সন্দেহজনক হাম রোগী ২ লাখ ৬০ হাজার ৫২৮ জন।
এছাড়া চলতি বছরে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ৩৩ হাজার ২৫৯ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২ লাখ ২৪ হাজার ২৮৭ জন। বর্তমানে ভর্তি আছে ৮ হাজার ৯৭২ জন।
অন্যদিকে ডেঙ্গুর প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরে এখন পর্যন্ত রোগটিতে মারা গেছেন ৫২৬ জন। একই সময়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৭ হাজার ১৩৭ জন।
এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) ডেঙ্গুতে চারজনের মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদফতর। এদিন শনাক্তের সংখ্যা ছিল ১ হাজার ১৪৫ জন।
প্রসঙ্গত, গত বছর মোট ডেঙ্গু আক্রান্ত হন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন। তার আগে ২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন