বাড়ির আঙিনায় খেলার সময় দিনাজপুরের বিরামপুরে পাশের ডোবায় পানিতে ডুবে মালিহা জান্নাত মেহেজাবিন (২) ও তাহিয়া জান্নাত (৩) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
মালিহা জান্নাত মেহেজাবিন কাটলা ইউনিয়নের উত্তর কাটলা গ্রামের হুমায়ন কবিরের মেয়ে এবং তাহিয়া জান্নাত একই গ্রামের তারিকুল ইসলামের মেয়ে। তারা দুইজন দুজনের প্রতিবেশি। নিহত দুই শিশুর বাবা পেশায় কৃষি শ্রমিক।
বৃহস্পতিবার সকাল ৯টা উপজেলার কাটলা ইউনিয়নের উত্তর কাটলা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ সাজেদুল ইসলাম জানান, সকালে শিশু মালিহা জান্নাত ও তাহিয়া জান্নাত বাড়ির সামনে আঙিনায় খেলছিল। এ সময় দুই শিশুর মা বাড়িতে গৃহস্থালি কাজে ও বাবা বাড়ির বাহিরে কাজে ব্যস্ত ছিলেন। খেলার একপর্যায়ে ওই দুই শিশু বাড়ির সামনের একটি ডোবার দিকে চলে যায়। ওই বাড়ির সামনের হাফেজিয়া মাদরাসার একজন শিক্ষক ডোবার পুকুরে একটি শিশুকে ভেসে থাকতে দেখেন। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন এবং ডোবা থেকে মালিহা জান্নাতকে মৃত অবস্থায় উদ্ধার করে। পরে পানিতে ডুবে থাকা অবস্থায় তাহিয়া জান্নাতকে মৃত উদ্ধার করে। পরিবারের লোকজন বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্মরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।
মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন