শিশুশ্রম প্রতিরোধ ও নির্মূলে নিয়োগদাতাদের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করার লক্ষ্যে দিনাজপুরে বিভিন্ন দোকান ও প্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় কারিতাস বাংলাদেশ, দিনাজপুর আঞ্চলিক কার্যালয়ের হলরুমে কারিতাস বাংলাদেশের LIGHT প্রকল্পের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কারিতাস বাংলাদেশ, দিনাজপুর অঞ্চলের কর্মসূচি কর্মকর্তা (CMFP) মি. শিশির কস্তা।
অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিশু একাডেমী দিনাজপুর জেলা শাখার শিশু বিষয়ক কর্মকর্তা মুহা. আব্দুল ওয়াহেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার নির্মল কুমার রায়।
সভায় আরও উপস্থিত ছিলেন LIGHT প্রকল্প কর্মকর্তা বাবলু মুর্মু, কমিউনিটি ফ্যাসিলিটেটর মিসেস এস্তেরিনা তিগ্যা এবং বিভিন্ন দোকান ও প্রতিষ্ঠানের ১৫ জন মালিক ও নিয়োগদাতা।
মতবিনিময় সভায় শিশুশ্রমের বর্তমান পরিস্থিতি, এর কারণ ও ঝুঁকি, শিশুদের ওপর নেতিবাচক প্রভাব, শিশুশ্রম প্রতিরোধে নিয়োগদাতাদের দায়িত্ব, শিশু নিয়োগের ক্ষেত্রে আইনগত বিধিনিষেধ, কর্মক্ষেত্রে শিশুদের নিরাপত্তা ও অধিকার এবং শিশুশ্রমে নিয়োজিত শিশুদের শিক্ষা ও বিকল্প সুযোগের সঙ্গে সম্পৃক্ত করার বিষয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, শিশুশ্রম শিশুদের শিক্ষা, নিরাপত্তা ও স্বাভাবিক বিকাশের পথে বাধা সৃষ্টি করে। শিশুশ্রম প্রতিরোধে পরিবার, নিয়োগদাতা, স্থানীয় প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সংস্থার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ সময় শিশুবান্ধব ও শিশুশ্রমমুক্ত কর্মপরিবেশ গড়ে তুলতে নিয়োগদাতাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
মতবিনিময় সভা শেষে শিশুশ্রম থেকে উত্তরণের লক্ষ্যে ১৫ জন শ্রমজীবী শিশুকে ভোকেশনাল/কারিগরি শিক্ষা সহায়তা প্রদান করা হয়। সহায়তাপ্রাপ্তদের মধ্যে ৬ জন মেয়ে ও ৯ জন ছেলে রয়েছে।
কারিতাস বাংলাদেশের LIGHT প্রকল্পের মাধ্যমে শিশুশ্রম প্রতিরোধ, শিশুদের শিক্ষা ও দক্ষতা উন্নয়ন এবং ঝুঁকিপূর্ণ শিশুদের সুরক্ষায় বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন