রংপুরের মিঠাপুকুরে পাগলা কুকুরের কামড়ে দুই শিশুসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে কুকুরটি একের পর এক মানুষকে আক্রমণ করে। আহতদের মধ্যে অন্তত ১৫ জনকে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ও জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়া হয়েছে। গুরুতর আহত এক নারীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে স্থানীয় লোকজন কুকুরটিকে মেরে ফেলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গাপুর ইউনিয়নের রামপুরা থেকে শুরু করে শঠিবাড়ী, ইচলী দক্ষিণপাড়া, পাইলার বাজার, শিরোডাঙ্গা ও শীতলগাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় কুকুরটি মানুষকে কামড়ায়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাড়ির সামনে, রাস্তায় চলাচলের সময় এবং কাজ শেষে বাড়ি ফেরার পথে অনেকে কুকুরটির আক্রমণের শিকার হন।
প্রত্যক্ষদর্শী সবুজ মিয়া বলেন, “দুপুর ১২টার দিকে হঠাৎ চিৎকার-চেঁচামেচি শুনে বাইরে গিয়ে দেখি, একটি পাগলা কুকুর তিনজনকে কামড় দিয়েছে। পরে আহতদের নিয়ে হাসপাতালে এসে দেখি, কুকুরের কামড়ে আহত রোগীদের ভিড়।”
কুকুরটির আক্রমণে গুরুতর আহত হয়েছে শীতলগাড়ী গ্রামের বাক্প্রতিবন্ধী আনোয়ার হোসেনের চার বছরের ছেলে মো. লাবিব হোসেন। কুকুরের কামড়ে শিশুটির নাকের একাংশ ছিঁড়ে গেছে।
হাসপাতালে চিকিৎসাধীন ছেলের পাশে বসে কান্নাজড়িত কণ্ঠে তার মা মনোয়ারা বেগম বলেন, বেলা ১১টার দিকে ছেলের হাতে মোবাইল ফোন দিয়ে তিনি ঘরের কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ বাইরে সন্তানের চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখেন, কুকুরটি তাঁর ছেলেকে আক্রমণ করেছে। শিশুটির চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এলে কুকুরটি সেখান থেকে চলে যায়।
মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. মো. মিজান জানান, শনিবার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অন্তত ১৫ জনকে জরুরি চিকিৎসা ও জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়া হয়েছে।
তিনি বলেন, কুকুরের আক্রমণে গুরুতর আহত শাপলা বেগম (৩২) নামের এক নারীকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কুকুরটির কামড়ে তাঁর গালের একাংশ ছিঁড়ে গেছে।
রামপুরা গ্রামের মোছা. সেলিনা বেগম (৫৫) বলেন, দুপুর ১২টার দিকে বাড়ির পাশের পানের বরজে কাজ শেষে বাড়ি ফিরছিলেন তিনি। এ সময় হঠাৎ কুকুরটি লাফিয়ে এসে তাঁর ডান হাতের কনুইয়ে কামড় দেয়। মাটিতে পড়ে গেলে তাঁর হাতের কবজিতেও কামড় দেয় কুকুরটি। তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এলে কুকুরটি আরও দুজনকে কামড় দেয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন