রংপুরে সড়ক দুর্ঘটনায় মোছা. কুলসুম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। রবিবার ভোরে তারাগঞ্জ উপজেলার বৈরাতি ব্রিজ এলাকায় রংপুর-সৈয়দপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কুলসুম লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর দক্ষিণ গোবধা এলাকার মোগর আলীর মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার ভোরে রংপুর-সৈয়দপুর মহাসড়কে চলাচলের সময় অজ্ঞাত একটি যানবাহনের ধাক্কায় কুলসুম নিহত হন। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করে। পরে সিআইডির ক্রাইম সিন ইনভেস্টিগেশন টিম তারাগঞ্জ হাইওয়ে থানায় এসে তথ্যপ্রযুক্তির মাধ্যমে কুলসুমের নাম-পরিচয় নিশ্চিত করে। স্থানীয়রা পুলিশকে জানিয়েছেন, কুলসুম মানসিক ভারসাম্যহীন ছিলেন।
তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, এ ঘটনায় সড়ক পরিবহন আইনের বিধান অনুযায়ী একটি নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন