বাড়িতে চলছিল ধুমধাম করে বিয়ের আয়োজন। বরযাত্রীদের আপ্যায়নের জন্য গরু জবাই সহ শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন পরিবারের সদস্যরা। রাত পোহালেই মেয়ের বিয়ে। এরই মাঝেই বিদ্যুতের তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন পাত্রীর মা রসেনা বেগম (৫০)। এতে বিয়ের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে বিষাদে।
গতরাত বুধবার (২৬ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের ভাণ্ডারু গ্রামে এদুর্ঘটনাটি ঘটে।
নিহত রসেনা বেগম ওই গ্রামের ইলিয়াস প্রামাণিকের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৭ আগস্ট) পারিবারিকভাবে রসেনা বেগমের মেয়ে ইসিরনের (২২) বিয়ে হওয়ার কথা ছিল উপজেলার হাড়িভাসা ইউনিয়নের সাহেব বাজার ব্যাংপুকুর এলাকার এক যুবকের সাথে। এউপলক্ষে বুধবার রাতেই বাড়িতে বিয়ের সব আয়োজন সম্পন্ন করা হচ্ছিল। পুরো বাড়ি সাজানোর পাশাপাশি বরযাত্রী ও অতিথিদের আপ্যায়নের জন্য রাতে গরুও জবাই করা হয়।
বিয়ের আয়োজনের অংশ হিসেবে বাড়ির কাজ করছিলেন রসেনা বেগম। একপর্যায়ে বাড়িতে পড়ে থাকা একটি বৈদ্যুতিক তার বাম হাত দিয়ে সরাতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রসেনা বেগমের মৃত্যুর ঘটনায় বিয়েবাড়ি ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মর্মান্তিক এ ঘটনার পর সাময়িকভাবে বিয়ে পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পরিবার।
এবিষয়ে নিহতের ভাগিনা সাইফুল ইসলাম বলেন, আমাদের পরিবারের সবাই বিয়ের আয়োজন নিয়ে ব্যস্ত ছিল। এর মধ্যে বাড়ির কাজ করার সময় আমার ফুফু বিদ্যুৎস্পৃষ্ট হন। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় রাতেই মরদেহের প্রাথমিক সুরতহাল ও তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সাথে থানায় এঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
আবু সালেহ মো রায়হান
পঞ্চগড়
২৭/০৮/২০২৬
০১৭১৯৪৬১১৫১
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন