মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার মালখানগর ইউনিয়নের বাড়ৈপাড়া গ্রামে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে প্রায় আড়াইশ বছরের পুরোনো ঐতিহ্যবাহী লাল জামে মসজিদ। ছোট্ট পরিসরের এই মসজিদটি শুধু একটি ধর্মীয় উপাসনালয় নয়; বরং কয়েক প্রজন্মের মুসল্লির ভালোবাসা, আবেগ ও এলাকার দীর্ঘদিনের ধর্মীয় ঐতিহ্যের স্মারক।
মসজিদটির প্রতিষ্ঠার সুনির্দিষ্ট সাল জানা যায়নি। তবে স্থানীয় প্রবীণ বাসিন্দাদের ধারণা, এর বয়স প্রায় ২৫০ বছর। স্থানীয়ভাবে এটি বাড়ৈপাড়া লাল জামে মসজিদ নামে পরিচিত। মসজিদটির আকর্ষণীয় লাল রং এবং প্রাচীন নির্মাণশৈলীর কারণে মালখানগর ইউনিয়ন ছাড়াও আশপাশের এলাকায় এর পরিচিতি রয়েছে।
আয়তনে আশপাশের অন্যান্য মসজিদের তুলনায় ছোট হলেও স্থাপনাটির রয়েছে আলাদা বৈশিষ্ট্য। বারান্দাবিহীন মসজিদটির ভেতরে রয়েছে পাঁচটি কাতার। প্রতিটি কাতারে আনুমানিক ১২ থেকে ১৫ জন মুসল্লি দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারেন। অর্থাৎ একসঙ্গে প্রায় ৬০ থেকে ৭৫ জন মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে।
লাল মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সারওয়ার মোহাম্মদ সানি বলেন, একসময় রমজান মাসে এই মসজিদে তারাবির নামাজ আদায় করতে দূরদূরান্ত থেকে মুসল্লিরা আসতেন। আশপাশের বিভিন্ন ইউনিয়ন, এমনকি অন্য উপজেলা থেকেও অনেকে নৌকায় করে এখানে আসতেন। সে সময় যোগাযোগব্যবস্থায় নৌপথের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকায় নদী ও খাল পেরিয়ে মুসল্লিদের মসজিদে আসার স্মৃতি এখনো স্থানীয়দের মুখে মুখে ফিরে আসে।
মসজিদটির পুরোনো নির্মাণশৈলী নিয়েও রয়েছে নানা স্মৃতি। তিনি আরও বলেন, আগের স্থাপনাটির দেয়াল ছিল প্রায় ১৫ থেকে ২০ ইঞ্চি পুরু। দেয়ালের গঠন ও নকশায় ছিল দৃষ্টিনন্দন কারুকাজ। পুরোনো স্থাপনার কারুকাজে মুঘল আমলের স্থাপত্যশৈলীর প্রভাবও দেখতে পেয়েছেন তিনি।
তবে পরবর্তী সময়ে সংস্কার ও আধুনিকায়নের কারণে মসজিদটির পুরোনো অনেক নকশা ও নির্মাণ বৈশিষ্ট্য আর আগের মতো দৃশ্যমান নেই। লাল মসজিদ কমিটির সাধারণ সম্পাদক বলেন, ২০১৭ সালে মসজিদটির সংস্কার ও পুনর্নির্মাণের কাজ করা হয়। এলাকাবাসীর আর্থিক সহযোগিতায় মসজিদটিকে নতুনভাবে সাজানো হয়। এতে মসজিদটি ফিরে পায় নতুন রূপ ও আকর্ষণীয় লাল রঙের সৌন্দর্য।
মসজিদের চারপাশের পরিবেশও বেশ মনোরম। সামনের দিকে রয়েছে বড় একটি পুকুর। পাশাপাশি রয়েছে ঈদগাহ মাঠ ও অজুখানা। পেছনে রয়েছে কবরস্থান। সব মিলিয়ে স্বল্প জায়গার মধ্যে ধর্মীয় কার্যক্রমের জন্য প্রয়োজনীয় বিভিন্ন স্থাপনা নিয়ে গড়ে উঠেছে মসজিদটির পরিমণ্ডল।
বাড়ৈপাড়া ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. জামান বলেন, এই লাল জামে মসজিদটি ঠিক কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, তা এখন পর্যন্ত কেউ নিশ্চিত করে বলতে পারেননি। তবে এলাকার মানুষের ধারণা, মসজিদটির বয়স প্রায় ২৫০ বছর।
ইতিহাসের বিচারে বাংলার মুঘল আমলে মসজিদ স্থাপত্যে গম্বুজ, খিলান, পুরু দেয়াল, অলংকরণ ও পোড়ামাটির কারুকাজের ব্যবহার দেখা যায়। বিশেষ করে ঢাকা ও আশপাশের অঞ্চলে মুঘল আমলের বহু মসজিদ এখনো ঐতিহাসিক স্থাপত্যের নিদর্শন হিসেবে টিকে আছে।
সময়ের পরিবর্তনে মসজিদটির বাহ্যিক রূপ বদলেছে, হারিয়ে গেছে পুরোনো স্থাপনার কিছু কারুকাজও। কিন্তু স্থানীয় মানুষের কাছে এর ঐতিহাসিক গুরুত্ব ও আবেগ এখনো অমলিন। প্রজন্ম থেকে প্রজন্মে টিকে থাকা এই ছোট্ট লাল মসজিদ যেন বাড়ৈপাড়ার মানুষের ধর্মীয় ভালোবাসা, ঐতিহ্য ও স্মৃতির এক নীরব সাক্ষী।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন