বর্তমান সময়ে চিকিৎসাসেবা যখন অনেকাংশেই ব্যয়বহুল হয়ে উঠেছে, তখন এর বিপরীতে দাঁড়িয়ে অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন দিনাজপুরের প্রবীণ চিকিৎসক ডা. বসন্ত কুমার রায়। নামমাত্র মূল্যে চিকিৎসাসেবা দিয়ে সাধারণ মানুষের কাছে তিনি পরম শ্রদ্ধা ও ভালোবাসার ‘৪০ টাকার ডাক্তার’ হিসেবে পরিচিতি পেয়েছেন।
একজন চিকিৎসকের প্রকৃত পরিচয় শুধু তাঁর ডিগ্রি কিংবা চিকিৎসা দক্ষতায় নয়, বরং মানুষের প্রতি তাঁর দায়বদ্ধতা ও মানবিকতায়—ডা. বসন্ত কুমার রায়ের জীবন ও কর্ম যেন সেই সত্যেরই উজ্জ্বল প্রমাণ।
জন্ম ও শিক্ষাজীবন
১৯৩৯ সালের ১ জানুয়ারি বর্তমান পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সুন্দরদীঘি গ্রামে জন্মগ্রহণ করেন বসন্ত কুমার রায়। মেধাবী এই শিক্ষার্থী ১৯৬৫ সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর ১৯৬৭ সালের মার্চে দিনাজপুর শহরের কালীতলা এলাকায় চেম্বার খুলে আনুষ্ঠানিকভাবে চিকিৎসাসেবা শুরু করেন তিনি।
নামমাত্র ভিজিটে চিকিৎসা
চিকিৎসাজীবনের শুরুতে সমসাময়িক অনেক চিকিৎসক যেখানে রোগীপ্রতি পাঁচ টাকা ভিজিট নিতেন, সেখানে ডা. বসন্ত কুমার রায় নিতেন মাত্র এক থেকে দুই টাকা। সময়ের পরিক্রমায় জীবনযাত্রার ব্যয় বহুগুণ বাড়লেও নিজের আদর্শ ও নীতি থেকে সরে আসেননি তিনি। পরবর্তীতে তাঁর ভিজিট নির্ধারিত হয় মাত্র ৪০ টাকায়, যা বর্তমান বাস্তবতায় অকল্পনীয়। স্বল্প আয়ের ও অসহায় রোগীদের কাছে তাই তিনি পরম নির্ভরতার প্রতীক হয়ে উঠেছেন।
মুক্তিযুদ্ধে অনন্য অবদান
শুধু চেম্বারেই নয়, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধেও মানবতার সেবায় অগ্রণী ভূমিকা রেখেছিলেন এই চিকিৎসক। যুদ্ধের সময় ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশি শরণার্থীদের চিকিৎসাসেবায় তিনি আত্মনিয়োগ করেন। প্রথমে করতোয়া শরণার্থী ক্যাম্পে দায়িত্ব পালনের পর জলপাইগুড়ির বলরাম ক্যাম্পের ইনচার্জ হিসেবে প্রায় ৪০ হাজার শরণার্থীর জন্য অস্থায়ী হাসপাতাল পরিচালনায় সফল নেতৃত্ব দেন তিনি।
স্বদেশ প্রত্যাবর্তন ও নিরলস সেবা
দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালের ১০ ফেব্রুয়ারি দিনাজপুরে ফিরে এসে পুনরায় সাধারণ মানুষের চিকিৎসাসেবায় নিজেকে নিয়োজিত করেন ডা. বসন্ত কুমার রায়। সেই থেকে আজ অবধি তাঁর এই মানবিক যাত্রা অব্যাহত রয়েছে।
অর্থের মোহ ত্যাগ করে মানবিকতাকে সবার ওপরে স্থান দেওয়ার কারণেই দিনাজপুরের চিকিৎসাসেবার ইতিহাসে তিনি শুধু একজন চিকিৎসক নন, বরং এক অনুকরণীয় প্রতিষ্ঠান ও অসংখ্য মানুষের ভালোবাসার মানুষ হিসেবে জায়গা করে নিয়েছেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন