পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। দুর্নীতি দমন কমিশন-দুদক-এর অর্থায়নে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপন করা হয়েছে সততা স্টোর। ওই স্টোরে পণ্য হিসেবে থাকছে খাতা,কলম, পেন্সিল, রাবার, স্কেল, জ্যামিতি বক্স, রং পেন্সিল, চিপস, বিস্কুট ইত্যাদি। দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ঠাকুরগাঁওয়ের পরামর্শক্রমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত সততা স্টোর তদারকিসহ সততায় সচেতনতা বৃদ্ধিতে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে আলোচনা সভা করছেন। এরই অংশ হিসেবে বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রাধানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুকুল চন্দ্র রায়ের সভাপতিত্বে সততা স্টোরের গুরুত্ব ও করণীয় সম্পর্কে বক্তব্য রাখেন আটোয়ারী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিিিটির সহ-সভাপতি মোঃ তৈমুর রহমান, উপজেলা দুপ্রক-এর সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী প্রমুখ। এসময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকসহ ষষ্ঠ হতে দশম শ্রেণির ছাত্রীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, লেখাপড়া শিখে কেউ হবে ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউবা ব্যারিষ্টার। এদের মধ্যেই হয়তো লুকিয়ে আছে আগামী দিনের কোনো গুরুত্বপূর্ণ পদে থাকা দেশের মন্ত্রী, এমপি। আজকের এই প্রজন্মই একদিন এগিয়ে নিয়ে যাবে এ দেশকে। তাই আগামীর বাংলাদেশকে দুর্নীতিমুক্ত রাখতে এখন থেকেই সৎ মানুষ গড়ার উদ্যোগ নিয়েছে সরকার। পুঁথিগত শিক্ষা দানের সঙ্গে সঙ্গে শিশু বয়স থেকেই তাদের সততার অভ্যাস করানো হচ্ছে। দেশব্যাপি সরকারের এ মহৎ উদ্যোগ বাস্তবায়ন করছে দুর্নীতি দমন কমিশন-দুদক। মানুষের মধ্যে সততা, নিষ্ঠা, নৈতিকতা থাকতে হলে শিশু বয়স থেকেই তাকে এভাবে গড়ে তুলতে হয়। তাই বর্তমান শিশুদের মনে শিক্ষার্থী অবস্থায় নীতি-নৈতিকতা এবং সততা গড়ে তুলতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর খুলে দেওয়া হচ্ছে। বিক্রেতাবিহীন এ সততা দোকানে শিশু শিক্ষার্থীরাই ক্রেতা। বক্তারা বলেন, শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই সততার চর্চা শেখাতে এবং স্বনির্ভরতা গড়ে তুলতে সততা স্টোর একটি কার্যকর উদ্যোগ। এখান থেকে তারা নিজের প্রয়োজন অনুযায়ী শিক্ষা উপকরণ কিনবে এবং নিজ দায়িত্বে নির্ধারিত বাক্সে টাকা জমা দেবে। এই স্বচ্ছ প্রক্রিয়া শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গঠনে সহায়ক ভুমিকা রাখবে। বক্তারা আরও বলেন, আজকের শিশুরাই আগামী দিনের রাষ্ট্র ও সমাজ পরিচালনায় নেতৃত্ব দেবে। তাই তাদের মধ্যে সততার বীজ বপন করতে হবে এখনই।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন