পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কাজী হযরত আলীর কাজীর লাইসেন্স ও নিয়োগ বাতিল এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের ফুটকিবাড়ী-সিপাইপাড়া এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা কাজী হযরত আলীর বিরুদ্ধে নারী কেলেঙ্কারি, বাল্যবিয়ে সম্পাদন, প্রথম স্ত্রীর ওপর নির্যাতনসহ বিভিন্ন অনিয়ম ও সমাজবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ তুলে ধরেন।
বক্তারা বলেন, একজন কাজীর দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আইনসংশ্লিষ্ট। তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো সুষ্ঠু তদন্তের মাধ্যমে যাচাই করে সত্যতা পাওয়া গেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। একই সঙ্গে তার কাজীর লাইসেন্স ও নিয়োগ বাতিলসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে কাজী হযরত আলীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে ফোন নম্বরটি বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন