কুড়িগ্রামে বৃষ্টিপাতের সঙ্গে শিলাবৃষ্টির কারণে কুড়িগ্রাম সদর ও রাজারহাট উপজেলার বেশ কিছু এলাকায় আমন ধানের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে বৃষ্টি ও শিলাবৃষ্টির কারণে এসব এলাকার প্রায় সাড়ে ৪ হেক্টর আধা পাকা ধান মাটিতে হেলে পড়েছে বলে জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্র।
এছাড়াও শিলার আঘাতে বেশ কিছু ধান জমিতেই ঝরে পড়েছে বলে ভুক্তভোগী কৃষকরা জানান।
কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের তালুক কালোয় গ্রামের হবিবর ও রবিউল জানান, আমাদের ২৫ বিঘা জমির ধান সম্পূর্ণ জমিতে হেলে পড়েছে। এর ফলে কিছু ধান জমিতে ঝরে পড়েছে। এখন ধান কাটতে গেলে বাড়তি কামলা লাগবে।
রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের পাইকপাড়া গ্রামের কৃষক লালমিয়া জানান, আমার কয়েক বিঘা জমির ধান পাকতে শুরু করেছে। ঠিক এই সময় শিলাবৃষ্টি হলো। জমিতে এসে দেখলাম তেমন একটা ক্ষতি হয়নি। তবে আমরা খুব ভয় পেয়েছি।
অপর কৃষক হামিদুল জানান, ঝড়বৃষ্টির ভয়ে আমার ৮শতক আগুর ধান লেবার দিয়ে কেটে ফেললাম।
এ ব্যাপারে কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক আবু ফাত্তাহ মো. রওশন কবির জানান, বৃষ্টিপাত, শিলা ও ঝড়ো বাতাসে প্রায় সাড়ে ৪ হেক্টর আমন ধান হেলে পড়েছে। এতে পাকা ধানের কোনও ক্ষতি হয়নি।
এদিকে রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, আগামী কয়েকদিন আবহাওয়া অনুকূলে থাকবে। তবে আগামি সপ্তাহে লঘু নিম্নচাপের কারণে বৃষ্টিপাত ও ঝড়ের পূর্বাভাস রয়েছে।
এদিকে কৃষি সম্প্রসারণ বিভাগের তথ্যমতে, জেলায় চলতি মৌসুমে ১ লাখ ২১ হাজার হেক্টর জমিতে আমনের আবাদ করা হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন