কুড়িগ্রামের রাজারহাটে ব্যাটারিচালিত অটোরিকশার চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গোলাম রব্বানী (৩৮) নামে এক চালকের করুণ মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার রাজারহাট ইউনিয়নের চান্দামারী খামারপাড়া গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত গোলাম রব্বানী ওই গ্রামের বাসিন্দা মো. আব্দুল হাইয়ের ছেলে। তিনি পেশায় একজন ব্যাটারিচালিত অটোরিকশাচালক ছিলেন।
স্থানীয় বাসিন্দা বাদশা মিয়া জানান, সকালে নিজ বাড়িতে রাখা অটোরিকশার চার্জার খুলতে যান গোলাম রব্বানী। সে সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান।
আরেক স্থানীয় বাসিন্দা মাসুদ ইসলাম জানান, দুর্ঘটনার বিষয়টি তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা টের পাননি। পরবর্তীতে দুপুরের দিকে অটোরিকশা রাখার ঘরে গিয়ে রব্বানীর মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। পরে প্রতিবেশীদের সহায়তায় ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন