শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমীতে কুড়িগ্রামে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শাস্ত্রীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জেলা শহরের দক্ষিণপাড়া সর্বজনীন মন্দিরে রামকৃষ্ণ আশ্রমের উদ্যোগে আয়োজিত এ পূজায় ভক্ত ও পুণ্যার্থীদের ঢল নামে।
মহাঅষ্টমীর অন্যতম আকর্ষণ কুমারী পূজায় দেবী দুর্গার প্রতীক হিসেবে এক কুমারী কন্যাকে পূজা করা হয়। শাস্ত্রীয় নিয়ম অনুযায়ী স্নান করিয়ে নতুন লাল শাড়ি, গয়না, পায়ে আলতা ও কপালে সিঁদুর পরিয়ে তাকে দেবীরূপে সাজানো হয়। পরে পুরোহিত ও ভক্তরা পুষ্পাঞ্জলি, আরতি এবং ধূপ-প্রদীপের মাধ্যমে কুমারী মায়ের বন্দনা করেন।
সোমবার সকাল থেকেই দক্ষিণপাড়া সর্বজনীন মন্দিরে মহাঅষ্টমীর পূজা-অর্চনা ও অঞ্জলি প্রদানসহ বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু হয়। দুপুর ১২টায় অনুষ্ঠিত হয় কুমারী পূজা। এরপর দিনব্যাপী ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। সন্ধ্যায় আরতি প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে জানিয়েছে মন্দিরের পূজা উদযাপন কমিটি।
কুমারী পূজার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, রামকৃষ্ণ আশ্রমের সভাপতি চিকিৎসক অমিত কুমার বসু, সাধারণ সম্পাদক উদয় শংকর চক্রবর্তী ও দক্ষিণপাড়া সর্বজনীন মন্দিরের সভাপতি শ্যামল ভৌমিকসহ অনেকে।
এদিকে, শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপন নিশ্চিত করতে রবিবার (১৮ অক্টোবর) রাতে রাজারহাট উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি।
পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের কার্যক্রম তদারকি করেন। পাশাপাশি পূজায় আগত দর্শনার্থী ও মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ রানা, রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা।
পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তিপূর্ণ পরিবেশ ও জননিরাপত্তা নিশ্চিত করতে কুড়িগ্রাম জেলা পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। সবার সম্মিলিত সহযোগিতায় শারদীয় দুর্গোৎসব আনন্দমুখর, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন