রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ পরিদর্শক ফারুক খলিলের অবসরজনিত বিদায় উপলক্ষে পুলিশ কমিশনারের কার্যালয়ের কনফারেন্স রুমে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (ডিআইজি) মু. মাহবুবুর রশীদ, পিপিএম-সেবা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) নরেশ চাকমা, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মারুফ আহমেদ, উপ-পুলিশ কমিশনার (ডিবি) ও অতিরিক্ত দায়িত্বে উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) সনাতন চক্রবর্তীসহ আরপিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বিদায়ী অতিথি ইন্সপেক্টর ফারুক খলিলের দীর্ঘ কর্মজীবনের পেশাদারিত্ব, সততা, কর্মনিষ্ঠা ও দায়িত্বশীলতার বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় তাঁরা তাঁর কর্মজীবনের স্মৃতিময় অভিজ্ঞতা, সহকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং পেশাগত অবদানের প্রশংসা করেন।
বিদায়ী অতিথি ইন্সপেক্টর ফারুক খলিল তাঁর বক্তব্যে পুলিশের ৩২ বছরের কর্মজীবনের স্মৃতিময় অভিজ্ঞতা ও অবসরজনিত বিদায়ের অনুভূতি তুলে ধরেন। তিনি বলেন, পুলিশ বিভাগে মানুষের কল্যাণে কাজ করার অসংখ্য সুযোগ রয়েছে। আন্তরিকতা ও সদিচ্ছার মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং জটিল ও রহস্যজনক ঘটনার রহস্য উদ্ঘাটনের মধ্য দিয়ে মানুষের উপকার করা সম্ভব। মাঠপর্যায়ে দায়িত্ব পালনের অভিজ্ঞতা একজন পুলিশ সদস্যকে বাস্তব পরিস্থিতি মোকাবিলা ও পেশাগত দক্ষতা অর্জনে সহায়তা করে বলেও তিনি উল্লেখ করেন। তিনি মনে করেন, পুলিশের চাকরি কেবল একটি পেশা নয়; বরং মানুষের পাশে দাঁড়ানো, মানবিক দায়িত্ব পালন এবং জনকল্যাণে কাজ করার এক গুরুত্বপূর্ণ সুযোগ।
সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার মু: মাহবুবুর রশীদ, পিপিএম-সেবা বলেন, দায়িত্ব পালনে আন্তরিকতা, নিষ্ঠা ও কাজের প্রতি ইতিবাচক মনোভাব একজন পুলিশ কর্মকর্তার গুরুত্বপূর্ণ গুণ। ছোট-বড় প্রতিটি দায়িত্বকে অভিজ্ঞতা ও দক্ষতা অর্জনের সুযোগ হিসেবে গ্রহণ করে তা যথাযথভাবে পালন করা উচিত। তিনি বিদায়ী অতিথির দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতাকে ভবিষ্যৎ জীবনে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ ও প্রতিকূলতা মোকাবিলায় সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
পুলিশ কমিশনার মহোদয় বিদায়ী অতিথি ইন্সপেক্টর ফারুক খলিলকে অবসরজীবনে পরিবার-পরিজনের সঙ্গে সুস্থ, সুন্দর ও শান্তিপূর্ণ সময় অতিবাহিত করার পাশাপাশি বিভিন্ন গঠনমূলক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার আহ্বান জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন, দীর্ঘ কর্মজীবনে অর্জিত অভিজ্ঞতা, প্রজ্ঞা ও মূল্যবান পরামর্শের মাধ্যমে তিনি ভবিষ্যতেও পুলিশ বিভাগের কল্যাণে অবদান রাখবেন। পরিশেষে, তাঁর বর্ণাঢ্য কর্মজীবনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পুলিশ কমিশনার মহোদয় বিদায়ী অতিথির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, পারিবারিক সুখ-শান্তি ও সমৃদ্ধিময় অবসরজীবন কামনা করেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন