চলতি বছর স্থানীয় সরকার নির্বাচন শুরু হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, নির্বাচন কমিশন আগামী বছরের ৬ জুনের মধ্যে দেশের সব পর্যায়ের স্থানীয় সরকার নির্বাচন শেষ করার প্রস্তুতি নিচ্ছে।
বুধবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন কমিশনের বক্তব্য অনুযায়ী ২০২৭ সাল থেকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
তিনি বলেন, ‘আগামী বছরের ৬ জুনের মধ্যেই সারা দেশের সব পর্যায়ের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে চায় নির্বাচন কমিশন। পাঁচ স্তরের নির্বাচন পরিচালনার জন্য সম্ভাব্য বাজেট ধরা হয়েছে ৬ হাজার কোটি টাকা।’
এর আগে নির্বাচন কমিশনও আগামী বছরের ৬ জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শেষ করার লক্ষ্য নির্ধারণের কথা জানিয়েছে। তবে কোন পর্যায়ের নির্বাচন কখন অনুষ্ঠিত হবে, সে বিষয়ে চূড়ান্ত সময়সূচি এখনো ঘোষণা করা হয়নি।
প্রতিমন্ত্রী জানান, অক্টোবরের শুরুতে আন্তঃমন্ত্রণালয় পর্যায়ে আরেকটি বৈঠকের পর নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে।
এ সময় স্থানীয় সরকার বিভাগের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠান ও হাটবাজারের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনার কথাও জানান তিনি।
মীর শাহে আলম বলেন, ‘স্থানীয় সরকার বিভাগের আওতাধীন ৬ হাজার ৫৪৪টি প্রতিষ্ঠান ও হাট বাজারের ছাদে ৩০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের প্রকল্প নেয়া হয়েছে। আগামী বছরের জানুয়ারিতে উৎপাদনের লক্ষ্যে ৩৭০ কোটি টাকা বরাদ্দ দিবে সরকার। বাকি টাকার ব্যবস্থা হবে স্থানীয় পর্যায় থেকে।’
সরকারের পরিকল্পনা অনুযায়ী, স্থানীয় সরকার বিভাগের আওতাধীন বিভিন্ন দপ্তর, সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, ওয়াসা, জনস্বাস্থ্য প্রকৌশলসহ বিভিন্ন স্থাপনা এবং হাটবাজারের ছাদে সৌর প্যানেল স্থাপন করা হবে। এসব স্থাপনা থেকে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নেওয়া হয়েছে।
এর আগে প্রতিমন্ত্রী জানিয়েছিলেন, আগামী ২৭ জানুয়ারির মধ্যে সৌরবিদ্যুৎ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্য রয়েছে। এ কর্মসূচির জন্য ৩৭০ কোটি টাকা ছাড় করা হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন