দেশের চিকিৎসকদের মেধা, দক্ষতা, দেশপ্রেম ও মানবসেবায় আত্মনিবেদন জাতির জন্য গর্বের বিষয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন। তিনি বলেন, সংকটময় পরিস্থিতিতেও চিকিৎসকরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের সেবা করেন, যা দেশের জন্য এক বড় অর্জন।
বুধবার (১৪ অক্টোবর) ঢাকার শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সপ্তম বার্ষিক সম্মেলন ‘হেমোটোকন ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসকদের কথা ও পরামর্শের প্রতি সাধারণ মানুষের বিশেষ আস্থা রয়েছে। তাঁর ভাষায়, “আমার কথা মানুষ হয়তো শুনবে না, কিন্তু একজন চিকিৎসক যখন কোনো কথা বলেন, মানুষ তা শোনে।” চিকিৎসকদের মেধা, যোগ্যতা ও দক্ষতাকে সবাই সম্মান করে উল্লেখ করে তিনি বলেন, দেশের চিকিৎসকরা নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে মানুষের সেবা দিয়ে যাচ্ছেন। তাঁদের মধ্যে দেশের প্রতি গভীর ভালোবাসা রয়েছে। তাঁরা কোনো প্রতিদানের প্রত্যাশা ছাড়াই মানুষের সেবায় অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করেন। দেশের চিকিৎসকদের নিয়ে তিনি গর্ববোধ করেন এবং বিদেশেও তাঁদের দক্ষতা ও অবদানের কথা তুলে ধরেন।
থ্যালাসেমিয়া ও লিউকেমিয়ার মতো জটিল রক্তরোগের চিকিৎসাসেবার উন্নয়নে গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, দেশের হেমাটোলজি খাতকে আরও শক্তিশালী করা এবং বিভিন্ন অঞ্চলে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা পৌঁছে দিতে সরকার উদ্যোগ নিয়েছে।
এ লক্ষ্যে আগামী এক সপ্তাহের মধ্যে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে আলোচনা করে দেশের বিভিন্ন স্থানে হেমাটোলজিস্টদের পদায়নের ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এর মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে জটিল রক্তরোগে আক্রান্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ বাড়বে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশের চিকিৎসাব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করতে দেশজুড়ে রেডিওথেরাপি মেশিন স্থাপনসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। থ্যালাসেমিয়া ও লিউকেমিয়ার মতো জটিল রোগে আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসক, বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
তিনি দেশের চিকিৎসাসেবার মানোন্নয়ন, বিশেষজ্ঞ চিকিৎসকের সুষম পদায়ন এবং আধুনিক চিকিৎসা প্রযুক্তির সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেনসহ দেশের বিশিষ্ট চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন