জন্ম ও মৃত্যু নিবন্ধনের মাসিক পারফর্মেন্স মূল্যায়নে রংপুর বিভাগের ৮টি জেলার ৫৮টি উপজেলার মধ্যে শীর্ষ স্থান অর্জন করেছে দিনাজপুরের বিরল উপজেলা।
গত আগস্ট-২০২৬ মাসের পারফর্মেন্স মূল্যায়নের ভিত্তিতে এই গৌরবময় স্বীকৃতি দেওয়া হয়েছে।
একই সাথে এই অনন্য সফলতার স্বীকৃতি স্বরূপ রংপুর বিভাগের মধ্যে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে নির্বাচিত হয়েছেন বিরল উপজেলার ইউএনও মো. রেজাউল ইসলাম।
এই অসামান্য অর্জনের পর বিরল উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভার সর্বস্তরের জনগণকে ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন ইউএনও মো. রেজাউল ইসলাম।
সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে উপজেলা নির্বাহী অফিসার বলেন, আপনাদের সকলের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিক সহযোগিতার কারণেই আজ আমাদের বিরল উপজেলা রংপুর বিভাগের মধ্যে ১নং উপজেলা হওয়ার গৌরব অর্জন করেছে। এই কৃতিত্বের দাবিদার আপনারা সকলে। আমি আশা করি, আগামী দিনেও বিরল উপজেলার এই উন্নয়ন ও সাফল্যের ধারা অব্যাহত থাকবে।
স্থানীয় প্রশাসন ও জন প্রতিনিধিদের সমন্বিত প্রচেষ্টায় বিরল উপজেলার এই অর্জন আগামী দিনে অন্যান্য উপজেলার জন্য একটি অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন