ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে জাল ভোট দেওয়ার সময় তিন ভুয়া ভোটারকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার দানারহাট আনছারিয়া ফাজিল মাদরাসা ভোটকেন্দ্র থেকে তাদের আটক করা হয়।
আটককৃত তিন জন হলেন— হিমেল, সিয়াম ও মিনহাজ। তাদের মধ্যে হিমেল আলিম দ্বিতীয় বর্ষে এবং সিয়াম ও মিনহাজ আলিম প্রথম বর্ষে পড়াশোনা করছেন বলে জানা গেছে।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রটির প্রিজাইডিং কর্মকর্তা মুহাম্মদ আবু সায়েম জানান, সকলের সহযোগিতায় ওই তিন ভুয়া ভোটারকে শনাক্ত করা হয়েছে। এ সময় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট কেন্দ্রে এসে তাদের জিজ্ঞাসাবাদ করেন। আপাতত তাদের একটি কক্ষে আটকে রাখা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে, এদিন সকাল ৮টা থেকে উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায়। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, এই উপনির্বাচনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন— বিএনপির মির্জা ফয়সল আমীন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম (হাতপাখা), খেলাফত আন্দোলনের আব্দুল আলিম নিজামী (বটগাছ) এবং বাংলাদেশ কংগ্রেসের হোসেন মোহাম্মদ ওমর ফারুক (ডাব)।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন