দিনাজপুরের কাহারোল উপজেলার কান্তনগর মন্দিরের অদূরে ঢেপা নদীতে শ্রী শ্রী কান্তজীউ বিগ্রহ যাত্রার সময় নৌকাডুবিতে টয় কুন্ডু নামের এক ভক্ত নিখোঁজ হয়েছেন। আজ বুধবার সকালে কান্তজীউ বিগ্রহ রাজবাড়ী মন্দিরে নিয়ে যাওয়ার পথে ঘাটের কাছে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে নিখোঁজ ভক্তকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও স্থানীয় ডুবুরি দল যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করছে।
নৌকাডুবির খবর ছড়িয়ে পড়ার পর নদীর দুই তীরে হাজার হাজার মানুষের ভিড় জমে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবছরের মতো এবারও রাজপরিবারের প্রথা অনুযায়ী কান্তজীউ বিগ্রহ নদীপথে দিনাজপুরের রাজবাড়ী মন্দিরে নেওয়া হচ্ছিল। যাত্রা শুরুর কিছুক্ষণ পরেই নদীর ঘাটে একটি ছোট নৌকা উল্টে পানিতে তলিয়ে যায়। নৌকায় থাকা অন্যদের সাঁতরে উঠতে সক্ষম হলেও টয় কুন্ডু নামের ওই ভক্ত নিখোঁজ রয়েছেন। নিখোঁজ টয় কুন্ডুর বাড়ি দিনাজপুর শহরের কালীতলা এলাকায়।
ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাকসুদা খাতুন ও স্থানীয় প্রশাসন দ্রুত ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার কার্যক্রমের সার্বিক মনিটরিং করছেন। দিনাজপুর ও রংপুর থেকে আসা ডুবুরি দলসহ স্থানীয় জেলেরা যৌথভাবে উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন। নিখোঁজের পরিবার ও স্থানীয় লোকজন নদীর পাড়ে চরম উৎকণ্ঠার মধ্যে অপেক্ষা করছেন। প্রশাসনের পক্ষ থেকে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন