রংপুরের তারাগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিজানুর রহমান (৪৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবার পরিকল্পনা পরিদর্শক রেজাউল করিম গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২৪ অক্টোবর) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের প্রামাণিকপাড়া মোড়ে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হাড়িয়ারকুঠি ইউনিয়নের হাতিবান্ধার হাট সংলগ্ন স্বাস্থ্যকেন্দ্র থেকে মোটরসাইকেল চালিয়ে ডাঙ্গীরহাটের দিকে যাচ্ছিলেন পরিবার পরিকল্পনা পরিদর্শক রেজাউল করিম। পথে প্রামাণিকপাড়া মোড়ে পৌঁছালে মোটরসাইকেলটি মোড় নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় রাস্তার পাশে একটি দোকানে বসে থাকা মিজানুর রহমানকে সজোরে ধাক্কা দেয় মোটরসাইকেলটি।
ধাক্কায় মিজানুর ছিটকে রাস্তায় পড়ে অজ্ঞান হয়ে যান এবং তাঁর কান দিয়ে প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয়। অন্যদিকে, দুর্ঘটনার প্রভাবে মোটরসাইকেল চালক রেজাউল করিমের মাথা ফেটে যায় এবং তিনিও ঘটনাস্থলেই সংজ্ঞা হারান।
পরে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত দুজনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিজানুর রহমানের মৃত্যু হয়।
হাসপাতালে রোগীর সঙ্গে থাকা ওই এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম মিজানুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মিজানুর রহমান তারাগঞ্জ এলাকার মৃত আজিজুল ইসলামের ছেলে। পরিবারে তাঁর ২০ বছর বয়সী বড় মেয়ে মিতালী ও ১৭ বছর বয়সী ছোট মেয়ে মদিনা রয়েছে। তাঁর এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন