পর্যটন শিল্পের বিকাশে নতুন সম্ভাবনা তৈরি করতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চালু হয়েছে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি ‘তেঁতুলিয়া রাজকীয় টমটম’। স্থানীয় যুবক মাসুদ রানা এ উদ্যোগ নিয়েছেন। পর্যটকদের ভ্রমণে নতুন মাত্রা যোগ করার পাশাপাশি বিয়ে, বিদায় অনুষ্ঠানসহ বিভিন্ন সামাজিক ও পারিবারিক আয়োজনে ঘোড়ার গাড়িটি ব্যবহারের সুযোগ থাকবে।
শনিবার (১৭ অক্টোবর) তেঁতুলিয়ার ডাকবাংলো মেঘালয় রিসোর্ট প্রাঙ্গণে দোয়া মাহফিলের মধ্য দিয়ে ঘোড়ার গাড়িটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় লাল ফিতা কেটে গাড়িটির যাত্রা শুরু করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজের সহযোগী অধ্যাপক মো. বাহারুল আলম সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন তেঁতুলিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দীন খান। এ ছাড়া তেঁতুলিয়া উপজেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, ঘোড়ার গাড়ির মালিক মাসুদ রানা, তাঁর বাবা মো. মালেক বাদশাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উদ্যোক্তা মাসুদ রানা জানান, পর্যটকদের ভ্রমণকে আরও আনন্দদায়ক ও স্মরণীয় করে তুলতে তিনি ঘোড়ার গাড়িটি চালু করেছেন। পর্যটকদের ঘোরাঘুরির পাশাপাশি বিয়েবাড়ি, বিদায় অনুষ্ঠানসহ বিভিন্ন সামাজিক ও পারিবারিক আয়োজনে চাহিদা অনুযায়ী গাড়িটি ভাড়া নেওয়া যাবে।
প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর তেঁতুলিয়া দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন এলাকা। এখানকার চা-বাগান, মহানন্দা নদী ও হিমালয়ের কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর দৃশ্য দেখতে প্রতিবছর দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকেরা আসেন। বিশেষ করে শীত মৌসুমে কাঞ্চনজঙ্ঘা দেখতে পর্যটকদের আগমন বাড়ে। এ সময় ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি পর্যটকদের ভ্রমণে ভিন্নধর্মী অভিজ্ঞতা যোগ করতে পারে।
স্থানীয়দের প্রত্যাশা, তরুণ উদ্যোক্তার এ উদ্যোগ তেঁতুলিয়ার পর্যটন খাতে নতুন বৈচিত্র্য আনবে। পাশাপাশি ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ির প্রতি মানুষের আগ্রহ বাড়ানোর সঙ্গে সঙ্গে স্থানীয়ভাবে আয়ের নতুন সুযোগও তৈরি হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন