মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে শহরের বাসুনিয়াপট্টি মন্দির প্রাঙ্গনে শোভাযাত্রার উদ্বোধন করেন দিনাজপুর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী বিভাত্মানন্দ মহারাজ।
বিশিষ্ট সাংবাদিক ও উদযাপন পরিষদের সদস্য চিত্ত ঘোষ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি এবং রামকৃষ্ণ আশ্রম ও মিশন পরিচালনা কমিটির সভাপতি অজয় কুমার চক্রবর্তী।
এসময় উপস্থিত ছিলেন জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পরিমল চক্রবর্তী তপন, দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র ও বীর মুক্তিযোদ্ধা মো. সফিকুল হক ছুটু, বাসুনিয়াপট্টি দুর্গা মন্দির কমিটির সভাপতি ডা. শান্তনু বসু, চিকিৎসক রামানন্দ বসাক প্রমুখ।
এদিকে শোভাযাত্রা শুরুর আগে সম্প্রতি নদীতে ডুবে নিহত যুবক স্বাক্ষর কুন্ডু টয়ের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন আয়োজক ও অংশগ্রহণকারীরা, যা অনুষ্ঠানে এক ভিন্ন আবেগের সঞ্চার করে।
এরপর বাসুনিয়াপট্টি মন্দির থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই মন্দিরে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় ব্রাহ্মণ সংসদ, হরিজন সম্প্রদায়সহ বিভিন্ন সংগঠন নিজ নিজ ব্যানারে অংশগ্রহণ করে। ঢাক-ঢোল, বাদ্যযন্ত্র ও নামসংকীর্তনের তালে শোভাযাত্রা হয়ে ওঠে উৎসবমুখর। সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন বয়সের নারী-পুরুষের ব্যাপক অংশগ্রহণে সৃষ্টি হয় উৎসবের আবহ।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শোভাযাত্রা চলাকালে র্যাব, পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি) নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কর্মসূচি অনুযায়ী বিশেষ পুজা শেষে সন্ধ্যা সাড়ে ৭ টায় বাসুনিয়াপট্টি মন্দির প্রাঙ্গনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন