দিনাজপুর শহরের ১০ নম্বর ওয়ার্ডের পশ্চিম বালুয়াডাঙ্গা (হঠাৎপাড়া) এলাকায় মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী, মসজিদ কমিটির সদস্য, যুবসমাজ ও স্থানীয় নারীরা।
ঈদগাহ মাঠ মসজিদের সামনে থেকে এ মিছিল বের করা হয়। এতে বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও যুবকদের অংশগ্রহণে পুরো এলাকায় মাদকবিরোধী স্লোগান দেওয়া হয়।
মিছিল চলাকালে যুবকদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে অংশগ্রহণকারীরা বলেন, “টাকা লাগলে টাকা নে, তবু মাদক ছেড়ে দে; ফেতরা লাগলে ফেতরা নে, তবু মাদক ছেড়ে দে।” এ সময় মাদকবিরোধী বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
মিছিল শেষে স্থানীয় নারীরা বলেন, হঠাৎপাড়া এলাকায় প্রতি শুক্রবার জুমার নামাজের পর মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরির লক্ষ্যে তারা মিছিল ও প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। তাদের দাবি, মাদক নির্মূলে স্থানীয় প্রশাসন ও পুলিশের সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।
এক নারী বলেন, “প্রতি শুক্রবার নামাজের পর মাদকের বিরুদ্ধে আয়োজিত মিছিলে আগে অসংখ্য পুরুষ অংশ নিতেন। কিন্তু ধীরে ধীরে পুরুষের অংশগ্রহণ কমে যাচ্ছে। পাশাপাশি আমরা পুলিশের কাছ থেকেও প্রত্যাশিত সহযোগিতা পাচ্ছি না। পুলিশ প্রশাসন সহযোগিতা করলে বালুয়াডাঙ্গা হঠাৎপাড়া এলাকায় মাদক বিক্রয় বন্ধ করা সম্ভব হবে।”
আরেক নারী বলেন, “মাদকের ভয়াল থাবায় আমাদের যুবসমাজ নষ্ট হয়ে যাচ্ছে। এখন থেকেই মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ প্রজন্ম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। যুবকদের পাশাপাশি ছোট শিশুরাও মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে। তাই শুধু হঠাৎপাড়া নয়, সারা বাংলাদেশে মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।”
স্থানীয়রা আরও বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও দেশের ভবিষ্যৎ ধ্বংস করে দিতে পারে। তাই নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনার পাশাপাশি মাদক বিক্রেতা ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।
মিছিল থেকে এলাকাবাসী, মসজিদ কমিটি, যুবসমাজ ও নারীরা মাদকবিরোধী সাঁড়াশি অভিযান পরিচালনা করে মাদক বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনের প্রতি দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন