দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও কলেজে কথিত সিন্ডিকেট, অনিয়ম-দুর্নীতি এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের কার্যক্রমের অভিযোগের প্রতিবাদে দিনাজপুর ফুলবাড়ী মহাসড়কে মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে র্যালি,সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১২টায় দিনাজপুরের সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে প্রতিবাদ র্যালি শেষে সমাবেশ করা হয় এবং উত্থাপিত অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
সমাবেশে বক্তারা বলেন, দেশের সার্বভৌমত্ব, আইনশৃঙ্খলা এবং শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন রাজনৈতিক প্রভাব খাটিয়ে সরকারি প্রতিষ্ঠানকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
সমাবেশে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তার,ঠিকাদারি কাজে অনিয়ম, সরকারি মালামাল আত্মসাৎ, অর্থের বিনিময়ে ঠিকাদারি কাজ পাইয়ে দেওয়া এবং নিয়োগ ও পদোন্নতির প্রলোভন দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ তুলে ধরা হয়।
লিখিত স্মারকলিপিতে মো.নুরে আলম সিদ্দিকী বাবুর বিরুদ্ধে মাদক বিক্রি ও সেবনের সঙ্গে সম্পৃক্ততা, সরকারি স্টোরের মালামাল সরবরাহ না করেই ভাউচার তৈরিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ করা হয়। একইভাবে মো. আব্দুর রউফের বিরুদ্ধে কর্মচারীদের পদোন্নতি, পদায়ন ও পছন্দের পদে দায়িত্ব পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে অর্থ গ্রহণসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উত্থাপন করা হয়।
অভিযোগকারীদের দাবি, দীর্ঘদিন ধরে একটি কথিত সিন্ডিকেট রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে হাসপাতাল ও কলেজের বিভিন্ন কার্যক্রমে প্রভাব বিস্তার করে আসছে। ঠিকাদারি কাজ বণ্টন, সরকারি সম্পদের ব্যবহার এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রেও নানা অনিয়ম সংঘটিত হয়েছে বলে অভিযোগ করা হয়। এসব অভিযোগের পক্ষে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও ভিডিও ফুটেজ রয়েছে বলেও দাবি করেন অভিযোগকারীরা।
স্মারকলিপিতে উত্থাপিত অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
বক্তারা আরও বলেন, সরকারি হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান জনগণের সম্পদ। এসব প্রতিষ্ঠানে দুর্নীতি, অনিয়ম, রাজনৈতিক প্রভাব বিস্তার কিংবা কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ডের সুযোগ থাকা উচিত নয়। তাই অবিলম্বে অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও কলেজে স্বাভাবিক, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে।
সমাবেশ থেকে দেশের সার্বভৌমত্ব, আইনশৃঙ্খলা ও শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ রক্ষায় সর্বস্তরের সচেতন নাগরিককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন