দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বৃদ্ধির কারণ ব্যাখ্যা করেছে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (লোয়াব)। কোন্ পরিস্থিতিতে কি কারণে দাম বাড়ছে এবং এ নিয়ে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে আসা বিভিন্ন প্রশ্ন এবং উদ্বেগের জবাবও দিয়েছে সংগঠনটি।
আজ বৃহস্পতিবার সংগঠনের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আহসানুল জব্বার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।
এতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে এলপিজির কাঁচামালের মূল্যবৃদ্ধি, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন, জাহাজ সংকট ও পরিবহন ব্যয় বৃদ্ধি এবং ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বেড়েছে।
সংগঠনটির হিসাব অনুযায়ী, ‘একটি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দামের প্রায় ৮০ শতাংশ ব্যয়ই নির্ভর করে আন্তর্জাতিক বাজার থেকে গ্যাস কেনা এবং দেশে আমদানির খরচের ওপর। বাকি প্রায় ২০ শতাংশ ব্যয়ের মধ্যে রয়েছে ভ্যাট-ট্যাক্স, সিলিন্ডারে গ্যাস ভরা, মুনাফা, স্থানীয় পরিবহন এবং ডিলার ও খুচরা বিক্রেতার কমিশন। ফলে আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে স্থানীয় পর্যায়ে তা নিয়ন্ত্রণে রাখার সুযোগ খুবই সীমিত থাকে।’
বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক বাজারে এলপিজির কাঁচামালের মূল্যবৃদ্ধির চিত্র তুলে ধরে বলা হয়, সৌদি আরামকোর কন্ট্রাক্ট প্রাইস (সিপি) পর্যালোচনায় গত এক বছরে গ্যাসের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০২৫ সালে প্রতি টন গ্যাসের সৌদি সিপি গড়ে প্রায় ৫৫২ ডলার থাকলেও ২০২৬ সালে একই সময়ে তা বেড়ে গড়ে প্রায় ৬৬৬ ডলারে দাঁড়িয়েছে। অর্থাৎ কাঁচামাল কেনার মূল্যই প্রায় ২১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এতে দেশের বাজারে প্রবেশের আগেই আমদানিকারকদের গ্যাস কেনার ব্যয় বেড়ে গেছে।
এলপিজির মূল্যবৃদ্ধির অন্যতম প্রধান কারণ হিসেবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে উল্লেখ করেছে লোয়াব। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সংঘাতের কারণে হরমুজ প্রণালী ও বাব-এল-মান্দেব নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। একই সঙ্গে প্রচলিত অনেক সরবরাহ চুক্তি বাতিল হয়েছে এবং অনেক চুক্তির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরুর আগেই দূরদর্শী পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে এলপিজি আমদানির উদ্যোগ নিয়েছিল। এর ফলে বিশ্বব্যাপী সংকটের মধ্যেও দেশে এলপিজির সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে। বর্তমানে দেশের মোট এলপিজি চাহিদার প্রায় ৮০ শতাংশ যুক্তরাষ্ট্র থেকে আসছে।
এলপিজি আমদানির ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী এলপিজি আমদানির সম্পূর্ণ মূল্য মার্কিন ডলারে পরিশোধ করতে হয়। গত এক বছরের ব্যবধানে ডলারের বিপরীতে বাংলাদেশি টাকার মান প্রায় ৩ শতাংশ কমে যাওয়ায় আমদানিকারকদের স্থানীয় মুদ্রায় এলসি খোলা ও আমদানি ব্যয় আরও বেড়েছে।
পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের এলপিজির দামের তুলনা প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই দেশের বাজারব্যবস্থা, অবকাঠামো, উৎপাদন সক্ষমতা এবং সরকারি আর্থিক সহায়তার মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। এসব পার্থক্যের কারণে ভারতে তুলনামূলক কম দামে এলপিজি বিক্রি করা সম্ভব হচ্ছে।
বন্দর অবকাঠামো ও গ্যাস খালাসের ব্যয়ের পার্থক্য তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের সমুদ্রবন্দরগুলোতে পর্যাপ্ত পানির গভীরতা থাকায় বড় আকারের ভেরি লার্জ গ্যাস ক্যারিয়ার (ভিএলজিসি) জাহাজ সরাসরি জেটিতে ভিড়তে পারে। এসব জাহাজ মাত্র তিন থেকে চার দিনে ৪২ হাজার টন এলপিজি খালাস করতে সক্ষম।
অন্যদিকে, বাংলাদেশের বন্দরগুলোতে পর্যাপ্ত গভীরতা বা ড্রাফট না থাকায় গভীর সমুদ্রে বড় জাহাজ থেকে ছোট জাহাজে এলপিজি স্থানান্তর বা লাইটারিং করতে হয়। এ প্রক্রিয়ায় প্রায় ২৫ দিন সময় লাগে। একটি বড় ভিএলজিসি জাহাজের পেছনে দৈনিক প্রায় ২ লাখ ডলার ব্যয় হয়। ফলে ২০ দিনে শুধু এ খাতেই প্রায় ৪০ লাখ ডলার বা চার মিলিয়ন ডলার খরচ হয়। এ বিশাল অতিরিক্ত পরিচালন ব্যয় শেষ পর্যন্ত দেশের ভোক্তা পর্যায়ে সিলিন্ডারের দামের ওপর প্রভাব ফেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি উদ্যোগে অথবা যৌথ উদ্যোগে মহেশখালীতে একটি ল্যান্ড টার্মিনাল নির্মাণ করা হলে এলপিজির দাম কিছুটা কমে আসবে বলে আশা প্রকাশ করেছে সংগঠনটি।
ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে বলা হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ (ইএমআরডি) বিশেষ সভা করে এলপিজির নির্ধারিত মূল্য বাস্তবায়নের বিষয়ে অত্যন্ত কঠোর নির্দেশনা জারি করেছে। একই সঙ্গে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনও (বিইআরসি) নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রির বিষয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছে। সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং নিজেদের প্রাতিষ্ঠানিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে লোয়াব তাদের আওতাধীন সব অপারেটর ও পরিবেশককে ভোক্তা অধিকার সংরক্ষণে বিইআরসি নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রি এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় ও কঠোর নির্দেশনা দিয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন