দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের নাম বিগত সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে পরিবর্তন করা হয়েছিল বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. এ.জেড.এম. জাহিদ হোসেন। তিনি বলেন, হাসপাতালটির সক্ষমতা বাড়াতে প্রাথমিকভাবে ১ হাজার শয্যায় উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রয়োজন হলে ভবিষ্যতে তা ১ হাজার ৫০০ শয্যায় উন্নীত করা হবে।
শনিবার বিকেলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের নবনির্মিত কেবিন ব্লক ও নতুন মসজিদের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ডা. জাহিদ হোসেন বলেন, উত্তরাঞ্চলের মানুষের কাছে উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে। রোগীদের যাতে ছোটখাটো চিকিৎসার জন্য ঢাকায় যেতে না হয়, সে লক্ষ্যে স্থানীয় পর্যায়ে চিকিৎসাসেবার সক্ষমতা বাড়ানো হচ্ছে। এর অংশ হিসেবে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালকে পর্যায়ক্রমে ১ হাজার থেকে ১ হাজার ৫০০ শয্যায় উন্নীত করার মহাপরিকল্পনা নেওয়া হয়েছে।
হাসপাতালের নাম পরিবর্তনের প্রসঙ্গে উপদেষ্টা বলেন, বিগত সরকারের সময়ে ঐতিহ্যবাহী এই চিকিৎসা প্রতিষ্ঠানের নাম রাজনৈতিক উদ্দেশ্যে পরিবর্তন করা হয়েছিল। তাঁর দাবি, বিএনপি সরকারের আমলে প্রতিষ্ঠিত এই মেডিকেল কলেজের নাম পরিবর্তন করা হলেও অবকাঠামো ও চিকিৎসাসেবার সুযোগ-সুবিধা বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বর্তমানে প্রতিষ্ঠানটি পুনরায় আগের নামে ফিরে এসেছে বলেও জানান তিনি।
পরিদর্শনের সময় উপদেষ্টা হাসপাতালের আইসিইউ, সিসিইউ, পেডিয়াট্রিক বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ওয়ার্ড ঘুরে দেখেন। তিনি চিকিৎসাধীন রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
এ সময় তিনি চিকিৎসাসেবার মান বজায় রাখার পাশাপাশি হাসপাতালের প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার নির্দেশনা দেন।
অনুষ্ঠানে দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সাদেক আলী, হাসপাতালের পরিচালক ডা. জাহাঙ্গীর কবির, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি জেলা বিএনপি'র সহ-সভাপতি হাসানুজ্জামান উজ্জলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন