জেলায় দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) এ মেলা অনুষ্ঠিত হয়।
সকাল ১০টার দিকে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসি) মো. নিয়াজ ভূইয়া। এরপর বিকেল পর্যন্ত মেলায় চাকরিদাতা ১০টি শিল্প প্রতিষ্ঠানে তিন হাজার আবেদন জমা পড়ে।
স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের অর্থায়নে মেলার আয়োজন করে নীলফামারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র।
উদ্বোধনী অনুষ্ঠানে টিটিসির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. মাসুদ রানার সভাপতিত্বে বক্তৃতা দেন নীলফামারী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নুর আলম, টিটিসির ইন্সট্রাকটর মশিউর রহমান, আব্দুল মতিন, রেজওয়ান হোসেন ও জব প্লেসমেন্ট কর্মকর্তা আরিফুর রহমান প্রমুখ।
মেলায় অংশগ্রহণকারী চাকরিদাতা প্রতিষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য হলো, অভিজাত গ্রুপ, ক্ল্যাসিক্যাল হ্যান্ডমেইড প্রোডাক্টস বিডি লিমিটেড, আয়েশা আবেদ ফাউন্ডেশন, নীলসাগর গ্রুপ, উত্তরা সোয়েটার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড, সনিক বাংলাদেশ, সেভেন সেকশন লিমিটেড, স্মাইল আর্টস কোম্পানী লিমিটেড ও গোল্ড ম্যানুফ্যাকচার লিমিটেড।
মেলা ঘিরে বৃহস্পতিবার চাকরি প্রত্যাশিদের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়েছে। সকাল থেকে বিকেল পর্যন্ত টিটিসি চত্বর পরিপূর্ণ ছিল।
এসময় কথা হলে সদর উপজেলার কচুকাটা এলাকার চাকরি প্রত্যাশি মো. আতিকুজ্জামান (২৪) বলেন, এ রকম মেলার আয়োজন বেকার যুবকদের অনেক উপকারে আসে। চাকরির জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে ধর্ণা দেওয়ার প্রয়োজন হয় না। একসাথে এতগুলো চাকরিদাতা প্রতিষ্ঠান অংশগ্রহণ করায় জেনে শুনে আবেদন করার সুযোগ পেয়েছি।
টিটিসির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাসুদ রানা জানান, মেলায় প্রায় তিন হাজার আবেদন জমা পড়েছে ১০টি প্রতিষ্ঠানে। আয়েজনে চাকরি প্রত্যাশি এবং চাকরিদাতা প্রতিষ্ঠানের ব্যাপক সাড়া মিলেছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন