সনাতনী ধর্মাবলম্বীদের মহালয়া পূজা উপলক্ষ্যে পুণ্যস্নান এবং পূজা-অর্চনায় প্রতিবছরের মতো এবারও ভক্তের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে পঞ্চগড়ের ত্রিস্রোতা বদেশ্বরী মন্দির ও করতোয়া নদীর তীর।
শনিবার (১০ অক্টোবর) ভোর থেকে বদেশ্বরী মন্দিরে সমবেত হতে শুরু করেন হাজারো ভক্ত ও পুণ্যার্থীরা। মন্দিরের অদুরে করতোয়া নদীর তীরে চলে পুণ্যস্নান, পিন্ডদান ও তর্পনাদি অর্পন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে পুণ্যার্থীদের ভিড়।
সনাতনী ধর্মাবলম্বীরা জানান, হিন্দু পুরানে উল্লিখিত ৫১ পীঠের অন্যতম এই বদেশ্বরী শক্তিপীঠ ধাম। তীর্থ হিসেবে সনাতনীদের কাছে তাই বেশ গুরুত্বপূর্ণ এ স্থান। এছাড়াও খেলনা, খাবারসহ বিভিন্ন দোকানপাটে উৎসবে রূপ নেয় পুরো এলাকা। উৎসবে যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। নিরাপত্তাসহ সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেন তারা।
বোদা উপজেলার ময়দানদিঘী এলাকার সনাতন ধর্মী সন্তোষ কুমার রায় বলেন, আমরা পরিবার নিয়ে পূজা দিতে এসেছি। পূজা করেছি, মানত করেছি, আমরা আমাদের মত করে প্রার্থনা করেছি। এখন বাড়ি ফিরে যাচ্ছি।
এদিকে, মহালয়া উপলক্ষ্যে মন্দির পরিদর্শনে আসেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার। পূজার্চনা ও মন্দির পরিদর্শন শেষে আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে সবাইকে শুভেচ্ছা জানান তিনি।
ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার সংবাদকর্মীদের জানান, ভাষা, শিল্প ও সংস্কৃতিতে অনেক জায়গায় মিল থাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক সবসময়ই বন্ধুত্বপূর্ণ ছিল এবং থাকবে। সবকিছুই ঠিকঠাক চলছে। এখানে কোনোরকম প্রশ্ন করার কিছু নেই।
দেবীগঞ্জ উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতা হরিশ চন্দ্র রায় বলেন, এবারও শান্তিপূর্ণ পরিবেশে পুণ্যস্নান, পূজা-অর্চনা চলছে। সকাল থেকেই অসংখ্য ভক্ত এসে পূজা-অর্চনা করেছেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন