পঞ্চগড়ের বোদা উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই মাদরাসাছাত্র নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও এক ছাত্র গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের সাহাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের ভোলা বসুনিয়া সাকোয়া এলাকার আতাউর রহমানের ছেলে সাদিক (১৭) এবং ফুলবাড়ী সাকোয়া এলাকার মিজানুর রহমানের ছেলে রাহাত (১৬)। এ ছাড়া দুর্ঘটনায় আহত রাব্বি (১৬) সাকোয়া সাহাপাড়া এলাকার আবু সাহার ছেলে। তারা তিনজনই স্থানীয় সাকোয়া জামিলাতুন নেছা ফাজিল মাদরাসার দশম শ্রেণির ছাত্র ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে প্রাইভেট পড়া শেষে মোটরসাইকেলে করে বাড়ির দিকে যাচ্ছিলেন ওই তিন কিশোর। পথিমধ্যে চন্দনবাড়ি ইউনিয়নের সাহাপাড়া এলাকায় পৌঁছালে মোড় নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে তিনজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং তাদের মাথা ও কান দিয়ে রক্তক্ষরণ শুরু হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাদিক ও রাহাতকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, আহত রাব্বির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মন্ডল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন