দিনাজপুরের পার্বতীপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জাহাঙ্গীর আলম (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার (৩০ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার পুরাতন বাজারের তেলিপট্টি মোড় পার হয়ে সাবেক পৌর চেয়ারম্যান আব্দুল ওহাব সরকারের দীঘির পাশের আঞ্চলিক পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর আলম উপজেলার হরিপুর এলাকার বাসিন্দা। তিনি মোবাইল ব্যাংকিং সেবা ‘নগদ’-এর ডিএসআর (ডিস্ট্রিবিউশন সেলস রিপ্রেজেন্টেটিভ) হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর আলম মোটরসাইকেলযোগে পার্বতীপুর বাস টার্মিনাল থেকে তেলিপট্টির দিকে যাচ্ছিলেন। পথে দিনাজপুর থেকে পার্বতীপুরগামী সাথী এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
দুর্ঘটনার খবর পেয়ে পার্বতীপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) নৃপেন্দ্রনাথের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পার্বতীপুর মডেল থানার পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ ও অন্যান্য বিস্তারিত তথ্য তদন্তের পর জানা যাবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন