শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নীলফামারীর সৈয়দপুর হয়ে রংপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুর নগরীর ঐতিহ্যবাহী রাধা গোবিন্দ মন্দির এবং ধর্মসভা মন্দিরে আয়োজিত পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি। প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে সৈয়দপুর বিমানবন্দর সড়কসহ পুরো শহরে চলছে ব্যাপক সাজসজ্জা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ।
সোমবার (১৯ অক্টোবর) সকালে সৈয়দপুর বিমানবন্দর সড়ক ও শহরের প্রধান প্রধান এলাকা ঘুরে দেখা যায় উৎসবমুখর এই প্রস্তুতি।
সরেজমিনে দেখা গেছে, প্রধানমন্ত্রীর আগমনকে বর্ণিল ও স্মরণীয় করে রাখতে সড়কের দুই পাশে টাঙানো হচ্ছে রং-বেরঙের ব্যানার ও ফেস্টুন। রঙে রঙে সাজিয়ে তোলা হচ্ছে রাস্তার ডিভাইডার ও আশপাশের এলাকা। ফেলে রাখা ময়লা-আবর্জনা সরিয়ে সড়ক পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর সফর ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে বিরাজ করছে গভীর উচ্ছ্বাস ও উদ্দীপনা।
আগামী মঙ্গলবার সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর সেখান থেকে সড়কপথে রংপুর নগরীর রাধা গোবিন্দ মন্দিরের উদ্দেশ্যে রওনা হবেন। বেলা ১১টার দিকে তিনি রংপুর রাধা গোবিন্দ মন্দির ও ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে পুনরায় সৈয়দপুর বিমানবন্দরে ফিরে এসে তিনি রাজশাহী এবং সেখান থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করবেন।
প্রধানমন্ত্রীর এই সফর প্রসঙ্গে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সৈয়দপুর বিমানবন্দর হয়ে সড়কপথে রংপুর যাবেন। তাঁর এই আগমন ঘিরে আমরা অত্যন্ত আনন্দিত ও উচ্ছ্বসিত। তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানাতে আমরা পুরোপুরি প্রস্তুত।”
একই বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আক্তার জানান, “প্রধানমন্ত্রী সকাল ১০টায় সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে সড়কপথে রংপুরে গিয়ে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করবেন। কর্মসূচি শেষে আবার বিমানবন্দরে ফিরে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেবেন। তাঁর আগমন উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আমরা তাঁকে বর্ণাঢ্য শুভেচ্ছা জানানোর ব্যবস্থা করেছি।”
সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, “যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী সৈয়দপুর পৌরসভার ওপর দিয়ে রংপুরে যাবেন, তাই পৌরসভা কর্তৃপক্ষের উদ্যোগে শহরের সৌন্দর্যবর্ধন ও পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে। বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের পাশাপাশি বালু দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে এবং সড়ক ও ডিভাইডার মেরামতসহ রঙের কাজ সম্পন্ন করা হচ্ছে।”
নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, “মাননীয় প্রধানমন্ত্রীর আগমন কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ সজাগ রয়েছে এবং সর্বস্তরের নিচ্ছিন্দ্র নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রস্তুত।”
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন