আমাদের ঐতিহ্য, আমাদের পরিচয়” এই শিরোনামে বছরব্যাপী দিনাজপুর ঐতিহ্য উৎসব ২০২৭ এর যাত্রা শুরু ।
আমাদের দিনাজপুর শুধু একটা জেলা না, এটা একটা ইতিহাস। এটা একটা ঐতিহ্য। এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতেই বছরব্যাপী এক বিশাল আয়োজনের উদ্যোগ নিয়েছে দিনাজপুর জাদুঘর।
এই উৎসব আয়োজনের লক্ষ্যে আজ শনিবার সন্ধ্যায় দিনাজপুর প্রেসক্লাবে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় দিনাজপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। স্থানীয় স্কুল ও কলেজের শিক্ষক, লেখক, কবি, সাংস্কৃতিক কর্মী, সাংস্কৃতিক সংগঠক এবং সাংবাদিকসহ অনেকেই উৎসব আয়োজন নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং নিজেদের মূল্যবান মতামত তুলে ধরেন।
সভাটি শুরু করেন দিনাজপুর মহিলা কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আলী ছায়েদ। স্বাগত বক্তব্যে তিনি বলেন, “এই উৎসবের মূল উদ্দেশ্য হলো দিনাজপুরের সকল মানুষের অংশগ্রহণের মাধ্যমে দিনাজপুর জেলার ইতিহাস ও ঐতিহ্যকে প্রচার ও সংরক্ষণ করা। এটা শুধু একটা অনুষ্ঠান না, এটা আমাদের দায়িত্ব।”
অনুষ্ঠানে সম্মানিত মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দেশের প্রখ্যাত প্রত্নতত্ত্ববিদ, সেন্টার ফর আর্কিওলজিক্যাল স্টাডিজের পরিচালক এবং জেনারেল এডুকেশন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শাহনাজ হুসনে জাহান লীনা বলেন, এই উৎসবের মাধ্যমে দিনাজপুরের সকল শিক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রতিযোগিতা ও কার্যক্রমের পরিকল্পনা করা হবে। স্থানীয় অধিবাসীদের সহযোগিতায় মূর্ত ও বিমূর্ত সকল ঐতিহ্যকে তালিকাভুক্ত করা হবে। নানা ধরনের সাংস্কৃতিক কার্যক্রম আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরের ঐতিহ্যকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করা হবে। এই উৎসবের ভূমিকা হতে পারে অপরিসীম।
ড. লীনা উল্লেখ করেন, ‘দিনাজপুর ঐতিহ্য উৎসব’ জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) অর্জনে সহায়ক হবে। বিশেষ করে —এসডিজি-২: ক্ষুধা মুক্তি, এসডিজি-৩: সুস্বাস্থ্য ও কল্যাণ, এসডিজি-৪: গুণগত শিক্ষা, এসডিজি-১১: টেকসই শহর ও জনগোষ্ঠী, এসডিজি-১৩: জলবায়ু কার্যক্রম, এসডিজি-১৭: লক্ষ্য অর্জনে অংশীদারিত্ব।
অর্থাৎ, এই উৎসব শুধু গান-বাজনা না, এটা দিনাজপুরের শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ আর উন্নয়নের জন্যও কাজ করবে।
সবশেষে দিনাজপুর জাদুঘরের কিউরেটর অধ্যাপক সাইফুদ্দীন আখতারের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে সভাটি শেষ হয়।
এ সময় তিনি বলেন, দিনাজপুরবাসী হিসেবে আমরা গর্বিত। আমাদের ঐতিহ্য, আমাদের পরিচয় — এই কথাটা এবার সারা বছর ধরে সারা দেশ জানবে। আসুন, আমরা সবাই মিলে দিনাজপুর ঐতিহ্য উৎসব ২০২৭ কে সফল করি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন