সারাদেশের মাঠ পর্যায়ের প্রশাসনের সাথে সরাসরি যোগাযোগের অংশ হিসেবে ৮৪ জন উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) সাথে মত বিনিময় করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
০৮ আগস্ট (শনিবার) প্রধানমন্ত্রীর কার্যালয়, তেজগাঁওয়ে এই গুরুত্বপূর্ণ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায়, দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী বিরল উপজেলার প্রতিনিধিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রেজাউল ইসলাম।
তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সামনে বিরল উপজেলার বিদ্যমান বিভিন্ন নাগরিক সমস্যা এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের বিপুল সম্ভাবনার আদ্যোপান্ত তুলে ধরেন।
মত বিনিময় সভায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সুষম উন্নয়ন ও সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করার নির্দেশনা দেন।
তিনি প্রত্যেক উপজেলা নির্বাহী অফিসারকে নিজ নিজ অবস্থান থেকে সততা ও নিষ্ঠার সাথে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান জানান।
প্রধান মন্ত্রীর নির্দেশনার পর বিরল উপজেলার সার্বিক চিত্র তুলে ধরে ইউএনও মো. রেজাউল ইসলাম তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দূরদর্শী নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দিনাজপুর জেলার বিরল উপজেলা কৃষি ও ব্যবসা-বাণিজ্যে অত্যন্ত সমৃদ্ধ একটি অঞ্চল। বিরল স্থল বন্দর ভারতের সাথে দ্বি- পাক্ষিক বাণিজ্য প্রসারে এবং জাতীয় অর্থনীতিতে বড় ভূমিকা রাখার বিশাল সম্ভাবনা ধারণ করে। এছাড়া উপজেলার বিস্তীর্ণ উর্বর কৃষি জমি এ অঞ্চলের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করছে।
তিনি উপজেলার সমস্যাগুলো তুলে ধরে আরও বলেন, সম্ভাবনার পাশাপাশি কিছু মৌলিক সমস্যাও রয়েছে। বিরলের বেশ কিছু এলাকায় টেকসই যোগাযোগ অবকাঠামো, কৃষি ভিত্তিক শিল্পকারখানার অভাব এবং স্থানীয় নদী শাসনের প্রয়োজনীয়তা রয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বিশেষ দিকনির্দেশনা ও বরাদ্দ পেলে বিরল স্থলবন্দরকে পূর্ণাঙ্গ রূপ দিয়ে কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় কৃষি অর্থনীতিকে আরও গতিশীল করা সম্ভব হবে। আমরা আপনার নির্দেশনা অনুযায়ী বিরলকে একটি আদর্শ ও উন্নত উপজেলা হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর।
মাননীয় প্রধান মন্ত্রী মাঠ পর্যায়ের এই কর্মকর্তার বক্তব্য অত্যন্ত মনোযোগ সহকারে শোনেন এবং বিরল উপজেলার সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দিয়ে স্থানীয় সম্ভাবনার সর্বোচ্চ ব্যবহারের নির্দেশ দেন।
এই মতবিনিময় সভার পর বিরল উপজেলার সর্বস্তরের মানুষের মাঝে এক নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন