২৭৪ বছরের পুরোনো ঐতিহাসিক ঐতিহ্য ও রাজপরিবারের সনাতন ধর্মীয় প্রথা মেনে দিনাজপুরের কাহারোল উপজেলার ঐতিহ্যবাহী কান্তনগর কান্তজিউ মন্দির থেকে নদীপথে দিনাজপুরের রাজবাড়ী মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছে শ্রী শ্রী কান্তজীউ বিগ্রহ।
২৪ কিলোমিটার দীর্ঘ এই নৌপথ যাত্রার অংশ হিসেবে দিনাজপুরের বিরল উপজেলার রাজারামপুর বুড়িরহাট ঘাটে বিগ্রহ বহনকারী নৌবহরটি এসে পৌঁছালে তা আনুষ্ঠানিক ভাবে বরণ করেন বিরল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রেজাউল ইসলাম।
বুধবার সকাল থেকেই শ্রী শ্রী কান্তজীউ বিগ্রহের নদীপথের এই ঐতিহ্যবাহী যাত্রাকে কেন্দ্র করে ঢেপা ও পুনর্ভবা নদীর দুই তীরে হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী ভক্ত ও পুণ্যার্থীদের ঢল নামে। উলুধ্বনি, শঙ্খধ্বনি এবং কীর্তনের সুরে মুখরিত হয়ে ওঠে পুরো নদীপথ। বিরলের রাজারামপুর বুড়িরহাট ঘাটে নৌবহরটি পৌঁছানোর পর স্থানীয় প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম অত্যন্ত ভাব গাম্ভীর্য ও উৎসব মুখর পরিবেশে বিগ্রহকে স্বাগত জানান।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতৃবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বিগ্রহ বরণকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম বলেন, কান্তজীউ বিগ্রহের এই ঐতিহ্যবাহী নদীপথের যাত্রা দিনাজপুর তথা এই অঞ্চলের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের এক অনন্য দৃষ্টান্ত। সনাতন ধর্মাবলম্বীদের এই উৎসব যাতে অত্যন্ত নিরাপদ ও সুন্দরভাবে সম্পন্ন হতে পারে, সেজন্য প্রশাসনের পক্ষ থেকে বুড়িরহাট ঘাটসহ পুরো যাত্রাপথে কঠোর নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা নিশ্চিত করা হয়েছে।
যাত্রাপথের নিয়ম অনুযায়ী, নদীর দুই পাড়ে সমবেত হওয়া অগণিত ভক্তরা ফল-ফলাদি ও বিভিন্ন সামগ্রী উৎসর্গ করে কান্তজীউকে বরণ করে নেন এবং ব্যক্তিগত ও পারিবারিক কল্যাণ কামনা করে প্রার্থনা করেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন