দারিদ্র্য দূরীকরণ, নারীদের স্বাবলম্বী করে তোলা এবং তাদের আর্থিক উন্নয়ন ও ক্ষমতায়নের লক্ষ্যে দিনাজপুরের বীরগঞ্জে উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে অতি দরিদ্র পরিবারের উন্নয়ন কর্মসূচি'র গ্রাজুয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সদরে শালবন মিলনায়তনে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, বীরগঞ্জ এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম ম্যানেজার রবার্ট কমল সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহরিয়ার মান্নান,সুজালপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মো: নুরুল ইসলাম।
এসময় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এডিপি’র প্রোগ্রাম অফিসার সাধন দাস, বাপ্পী জয়ধর,ডরিস হাসদা,শ্যামলা,কোড়াইয়াসহ
বীরগঞ্জ উপজেলার ২৫৭ জন ইউপিজি গ্রাজুয়েশন নারী পুরুষ সদস্য ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহরিয়ার মান্নান তার বক্তব্যে বলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ইউপিজি কর্মসূচি অতিদরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে নারীদের হাতে সহায়তা তুলে দিয়ে তাদের আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ফলে অনেক পরিবার আজ স্বাবলম্বী হয়ে উঠেছে।
ওয়ার্ল্ড ভিশন বীরগঞ্জ এডিপি অফিস সূত্রে জানা যায়, ২০২৪ সালে বীরগঞ্জ উপজেলার ৩৮৭টি অতিদরিদ্র পরিবারকে প্রত্যেককে ১৮ হাজার টাকা করে নগদ সহায়তা দেওয়া হয়। ওই অর্থ কাজে লাগিয়ে পরিবারের সদস্যরা গত দুই বছর ধরে তার গবাদি পশু লালন পালন করেন। ফলে যেসব পরিবারের আগে আয়ের একটিমাত্র উৎস ছিল, বর্তমানে তাদের একাধিক আয়ের উৎস তৈরি হয়েছে। এর মাধ্যমে তারা ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠেছেন। অনুষ্ঠানে দুই জন স্বাবলম্বী গ্রাজুয়েশন নারী তাদের সাফল্যের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এডিপি’র জুনিয়র প্রোগ্রাম অফিসার মুক্তা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন